প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ০৫:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ০৫:০১ এএম
শক্তিশালী ভারতকে হারানোর সুফল পেয়েছে বাংলাদেশ
নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারাতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি ঘটানো যায়। বাংলাদেশের ক্ষেত্রে সেটাই ঘটেছে। নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৪৬ ধাপ এগিয়ে থাকা ভারতকে পরাভূত করার সুফল পেয়েছে লাল-সবুজ বাহিনী।
১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। তাতে সি-গ্রুপের খেলায় ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। হেড টু হেডে জয়ের ক্ষেত্রে ১৬-৩ এ এগিয়ে থাকলেও শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে দুর্দান্ত খেলে ভারতকে হারায় বাংলাদেশ। আর এই জয় তাদের হাতের মুঠোয় ধরা দেয় দীর্ঘ ২২ বছর পর!
এমন জয়ের পর তারপর যা ঘটার তাই ঘটেছে। সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে জাভিয়ের ক্যাবরেরার দল। ১৮৩ থেকে তারা উন্নীত হয়েছে ১৮০–তে।
সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে ‘দ্য বেঙ্গল টাইগার্স’ বাহিনীর। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬।
এদিকে বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।
র্যাঙ্কিংয়ের সেরা দশেও হয়েছে পরিবর্তন। মরক্কোকে পেছনে ফেলে ১০-এ উঠে এসেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।
যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।
আরকে/প্রবা