চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৪৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৯:০৫ পিএম
চট্টগ্রামের রাউজানে বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করে মেজবানের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পাহাড়তলী ইউনিয়নে এই আয়োজন করছে আর্জেন্টিনার সমর্থকরা।
রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী এলাকার এই মেজবানের জন্য গরু কেনা হয়েছে এক লাখ ২০ হাজার টাকায়। এর সঙ্গে থাকবে দুই মণ মুরগির মাংসও। বাজারে বড়পর্দা বসানোর সঙ্গে ডেকোরেশন দিয়ে পাতা হচ্ছে চেয়ারও। খেলা দেখতে আসা হাজার দর্শকের জন্যই এই আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
আয়োজক কমিটির সদস্য জিএম মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইনালে খেলছে। এতে আমরা আনন্দিত। তাই প্রিয় দলের জয় কামনা করে রাতে মেজবানের আয়োজন করা হয়েছে। এ জন্য লাখ টাকায় একটি গরু কেনা হয়েছে। গরুর মাংস যারা খান না, তাদের জন্য দুই মণ মুরগি কেনা হয়েছে। গরু এবং মুরগি দিয়ে পৃথক বিরিয়ানি রান্না করা হবে। খেলার মধ্যবিরতিতে খাবার পরিবেশন করা হবে।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আমি নিজেও আর্জেন্টিনা সমর্থক। এলাকার আর্জেন্টিনা সমর্থক সবাই মিলে চাঁদা তুলে এই আয়োজন করেছে। খেলা নিয়ে সবার যে আনন্দ, সেটার সমাপনীটা সুন্দর করার জন্যই এমন করা হয়েছে। হাজার মানুষ একসঙ্গে খেলা দেখবে। খাওয়া-দাওয়া করবে, আনন্দ করবে।