লা লিগা
মাছুম বিল্লাহ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২১:৩৮ পিএম
নতুন মৌসুমে প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামার আগে অনুশীলন করেছেন এমবাপে-ইয়ামাল ছবি: সংগৃহীত
‘এল ক্লাসিকো’ মানেই রুদ্ধশ্বাস লড়াইয়। প্রতি মৌসুমে এই ম্যাচ ঘিরেই জেগে ওঠে ফুটবলবিশ্ব। লা লিগার শিরোপা নির্ধারণের সমীকরণে অনেক সময়ই এটি হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। রবিবার ( ২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০২৫/২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গ্যালারিতে থাকবেন প্রায় ৮০ হাজার দর্শক, আর সারা বিশ্বের কোটি ফুটবলপ্রেমী বসবেন পর্দার সামনে। এ জয় মানে শুধু তিন পয়েন্ট নয় বরং এখানে মর্যাদা, আধিপত্য ও ঐতিহ্যের লড়াই।
একসময়
এল ক্লাসিকো মানেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি। তাদের দ্বৈরথ দেখার
জন্য ফুটবলপ্রেমীরা ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশনের সামনে অপেক্ষা করতেন। এখন দুজন দুই
মহাদেশে। মেসি খেলছেন মায়ামিতে, রোনালদো সৌদি আরবের আল-নাসরে। তবে প্রকৃতির নিয়মে শূন্যস্থান
কখনও খালি থাকে না। সেই জায়গা এখন দখল নিয়েছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামাল।
এমবাপে
বিশ্বকাপজয়ী তারকা, কিন্তু চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর এখনও তার অধরা।
অন্যদিকে মাত্র ১৭ পেরোনো ইয়ামালকে বলা হচ্ছেÑ এই সময়ের সবচেয়ে সৃষ্টিশীল তরুণ ফুটবলারদের
একজন। দুজনেই স্বপ্ন দেখেন ইউরোপ জয় আর ব্যালন ডি’অরের সোনালি বল ছোঁয়ার।
ইতিহাস
বলছে, এখন পর্যন্ত ২৬১টি অফিসিয়াল এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ
জিতেছে ১০৫টি, বার্সেলোনা জিতেছে ১০৪টি, আর ড্র হয়েছে ৫২টি ম্যাচে। গত মৌসুমে অবশ্য
ক্লাসিকোতে একচ্ছত্র দাপট দেখিয়েছে বার্সেলোনা। শেষ পাঁচ মুখোমুখিতেই জয় তাদের।
কাতালান
শিবিরে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। ইতোমধ্যেই চোট কাটিয়ে ফিরেছেন ইয়ামাল
ও ফারমিন লোপেজ, কিন্তু হ্যামস্ট্রিং সমস্যায় রাফিনিয়া মাঠে নামতে পারবেন না। ইনজুরির
কারণে অনুপস্থিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান, মিডফিল্ডার গাভি, দানি ওলমো এবং
পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিও। এ ছাড়া জুলস কুন্দে ও ক্রিস্টেনসেনের ফিটনেস
নিয়েও সংশয় আছে। তার ওপর কোচ হ্যান্সি ফ্লিক লাল কার্ডের কারণে ডাগআউটে দাঁড়াতে পারবেন
না। সব মিলিয়ে কঠিন পরীক্ষার সামনে বার্সেলোনা।
অন্যদিকে নতুন মৌসুমে এখনও অপরাজিত রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে। দুই পয়েন্ট পিছিয়ে ২২ পয়েন্টে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে আত্মবিশ্বাসে ভরপুর রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে কাতালানদের তাই খেলতে হবে সামর্থ্যের সেরা ফুটবল।