× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

জয়ে চোখ জাকেরের

শেখ সাদী

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৩৩ এএম

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার আগে বুধবার ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক ও আফগান দলপতি রশিদ খান। ছবি: বিসিবি

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার আগে বুধবার ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক ও আফগান দলপতি রশিদ খান। ছবি: বিসিবি

এশিয়া কাপ শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা। আফগানদের বিপক্ষে এই সিরিজে এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলতে চায় জাকের আলী অনিকের দল। স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃহস্পতিবার শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু। আর সবশেষ এশিয়া কাপে আফগানদের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা নিয়ে সিরিজ শুরুর প্রত্যয় বাংলাদেশের।

বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায়। অবশ্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয়ে সুপার ফোরে সুযোপ পায় টাইগাররা। আর বাংলাদেশের বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে অনেকটাই ছিটকে যায় রশিদ খানের দল। 

অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ৪ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালের স্বপ্ন দেখে টাইগাররা। কিন্তু এরপর ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। ফলে সবশেষ ম্যাচে এই সমীকরণে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জাকের আলীরা। এদিকে চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকের। আর লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। এ ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রায় সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ১৩ বার মুখোমুখি হয়ে ছয়বার জিতলেও সাতবার হেরেছে টাইগাররা। একই সঙ্গে বাংলাদেশের চেয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে রশিদ খানের দল। অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা দলের কাতারেই পড়ে আফগানিস্তান। 

তবে এবারের এশিয়া কাপে আফগানদের বিপক্ষে জয়ের পর দ্বিপক্ষীয় সিরিজেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। জাকের বলেন, ‘আমরা আশা ছাড়ছি না। আমরা ম্যাচ জয়ের জন্যই খেলব।’ এশিয়া কাপে আগেও শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজ জিতলে টানা চার সিরিজ জয় হবে বাংলাদেশের।

অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকের আলী নিজের সেরা ছন্দে নেই। পুরো এশিয়া কাপ মিলিয়ে জাকের খেলেছেন ৬৬ বল। ফিনিশারের দায়িত্ব পালন করা উইকেট কিপার এ ব্যাটার এই সময়ে মারতে পারেননি একটি ছক্কাও। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে হয়েছে সমালোচনা। তবে এসব নিয়ে ভাবছেন না ডানহাতি এ ব্যাটার। এশিয়া কাপে ছক্কা মারতে না পারার প্রসঙ্গে জাকের বলেন, ‘কোনো কিছু ভাবছি না, নরমাল আছি। পরের ম্যাচের জন্য প্রস্তুত আছি।’

সেই দুঃস্মৃতি পেছনে ফেলে আফগানিস্তান সিরিজে মনোযোগ দিতে চান জাকের আলী অনিক।

রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাসের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া জাকের। সেখানে তিনি এশিয়া কাপে ভালো করতে না পারার দায় স্বীকার করে নিয়েছেন। জাকের বলেন, ‘অবশ্যই এটা হতাশাজনক। আমরা এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে এসেছিলাম। কিন্তু আমরা সেটা করতে পারিনি। তবে আমরা ইতিবাচক আছি এই সিরিজে ভালো করতে।’

আফগানিস্তান সিরিজ নিয়ে তিনি আরও বলেন, ‘এশিয়া কাপের আগে থেকেই আমরা জানতাম, আফগানিস্তান সিরিজ আছে। আমরা প্রস্তুত এই সিরিজের জন্য। এশিয়া কাপে আমরা কয়েকটা ম্যাচে ভালো করেছি, কিন্তু কিছু ম্যাচে রেজাল্ট আমাদের পক্ষে আসেনি। এখন আমরা আফগানিস্তান সিরিজের দিকে মনোযোগ দিচ্ছি।’

এশিয়া কাপ শুরুর আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছিল বাংলাদেশ দল। সেই সময় তার কাছে ছক্কা মারার কৌশল রপ্ত করেছিল টাইগাররা। কিন্তু ম্যাচে তার প্রভাব দেখা গেছে কালেভদ্রে। এক সাইফ হাসান ছাড়া কেউ মারতে পারেননি সাবলীলভাবে ছক্কা। তবে উডের দোষ দিতে নারাজ জাকের। তার চেয়ে বরং উডের টোটকা ম্যাচে বাস্তবায়ন করতে না পারার দায় নিজের নিচ্ছেন উইকেট কিপার এ ব্যাটার। জাকের বলেন, ‘আমরা ভালো ডেলিভারি করতে পারি নাই। কাজ তো অবশ্যই ভালো হয়েছে। আমরা প্রমাণ করতে পারি নাই, তার দোষ দিয়ে তো লাভ নাই। আমরা পারি নাই, জাস্ট পারি নাই। সবকিছুর জন্য আমরাই দায়ী। তবে কাজ ভালো হয়েছে এশিয়া কাপের আগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা