শেখ সাদী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০ এএম
ছবি: সংগৃহীত
চলতি এশিয়া কাপের ফাইনালের লক্ষ্য নিয়ে সুপার ফোরে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
দুই দলের লক্ষ্য এই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা। এবারের এশিয়া কাপে পাকিস্তান গ্রুপ ‘এ’ থেকে দুই জয় নিয়ে সুপার ফোরে উঠে আসে। আর বাংলাদেশও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে চার উইকেট জয় তুলে নেয় টাইগাররা।
অন্যদিকে পাকিস্তান সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৭১ রান করেও ৬ উইকেটে হেরেছে। তবে দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে থামিয়ে ৫ উইকেটে জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে তারা। ফলে দুই দলের এই ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে।
দুই দলের টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে আছে। এখন পর্যন্ত দুই দল ২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। সেখানে বাংলাদেশের জয় কেবল স্রেফ পাঁচটিতে। আর পাকিস্তান জিতেছে ২০ বার। তবে দুই দলের মধ্যে সবশেষ লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এশিয়া কাপের আগে পাকিস্তানকে নিজেদের মাঠে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ হারায় লিটন দাসের দল।
একই সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সে সালমান আলী আগার এই পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। এ ছাড়া চলতি এশিয়া কাপে ব্যাটিং পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে লিটন দাসের দল। সেরা ছন্দে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। লিটন দাস ও তাওহিদ হৃদয় রয়েছেন দুর্দান্ত ফর্মে। সেখানে পাকিস্তানের ব্যাটাররা এখন পর্যন্ত সেরা ক্রিকেট খেলতে পারেনি। এ ছাড়া চলতি এশিয়া কাপে গত চার ম্যাচের বোলিং পারফরম্যান্সে বাংলাদেশ এগিয়ে। বিশেষ করে পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন সেরা ফর্মেই আছেন।
তাই সবশেষ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতেই মাঠে নামবে লিটনরা। অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের পথে টিকে রয়েছে সালমান আলী আগার দল।
ফাইনালে যেতে হলে পাকিস্তানকে এখন বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের নিয়ে কথা বলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে সেখানে বাংলাদেশের ছদ্মনাম হিসেবে (টাইগার) শব্দটা উচ্চারিত হলে একটু অবাক হন পাকিস্তানের এই পেসার। এ সময় জবাবে পাকিস্তানের বাঁ-হাতি পেসার বলেন, ‘টাইগার কৌন, বাংলাদেশ? ওহ আচ্ছা, দুঃখিত।’ এ ছাড়া ফাইনালের সমীকরণের জটিল হিসাবনিকাশ না করে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমাদের পুরো মনোযোগ এখন বাংলাদেশ ম্যাচ নিয়েই। কীভাবে আমরা বাংলাদেশকে হারাব, সেই চিন্তা করছি।’
শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসÑ টানা তিন সিরিজ জিতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। মরুর বুকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ তিন ম্যাচ খেলে জিতেছে দুটিতে। হৃদয়-লিটন-সাইফরা একদিকে ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছেন, অন্যদিকে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন মোস্তাফিজুর রহমান।
শাহিনের মতে বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। পাকিস্তানি এই পেসার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। কদিন ধরে খুব ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা দিতে হবে আপনাকেই। সুযোগ দেওয়া যাবে না। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑ তিন বিভাগেই ভালো খেলতে হবে।’