প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২২ পিএম
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ স্প্যানিশ মিডফিল্ডার পাবলো পায়েজ গাভিরা, হাঁটুর গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে তার অস্ত্রোপচার প্রয়োজন, যা সেরে উঠতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ মাস।
২১ বছর বয়সি এই প্রতিভাবান ফুটবলার গত বছরের নভেম্বরে প্রথমবারের
মতো একই হাঁটুতে এসিএল ইনজুরির শিকার হন এবং এরপর প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন।
চলতি মৌসুমে ফিরে এসে বার্সার হয়ে লা লিগার প্রথম দুটি ম্যাচ খেললেও গত আগস্টে অনুশীলনের
সময় ফের ডান হাঁটুতে চোট পান তিনি। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন গাভি।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাঁটুর চোট সারাতে প্রথম দলের
খেলোয়াড় গাভির অ্যানথ্রোস্কোপি (হাঁটুর সংযোগস্থলে অস্ত্রোপচার) করাতে হবে, যা তার
হাঁটুর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন। সম্পূর্ণ পুনর্বাসনে চার থেকে পাঁচ মাস
সময় লাগতে পারে।’
এর আগে স্প্যানিশ গণমাধ্যমে জানানো হয়েছিল, গাভিকে অন্তত ছয় থেকে
সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, তার চোট
পূর্বাভাসের চেয়েও গুরুতর। ফলে বার্সাকে মৌসুমের বাকি অংশ প্রায় পুরোটা সময় গাভিকে
ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে।
এ তরুণ বার্সা তারকাকে না পাওয়ায় বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের
জন্য বড় ধাক্কা। গাভিকে দীর্ঘ সময়ের জন্য হারানো শুধু ক্লাব নয়, জাতীয় দলের পরিকল্পনাতেও
প্রভাব ফেলবে। অক্টোবরে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে স্পেনের ম্যাচে তার না থাকা এখন
অনেকটাই নিশ্চিত। এর আগে সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের
স্কোয়াডে থাকা সত্ত্বেও চোটের কারণে গাভি খেলতে পারেননি।
বার্সেলোনা বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে। পাঁচ
ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী
রিয়াল মাদ্রিদ, যারা ছয় ম্যাচের সবগুলোতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।