এমএলএস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম
মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিক। ডি বক্সের বাহিরে থেকে কিক করে বাতাসে ঘুরিয়ে গোল করা- এমন সব ঝলক দেখতে টেলিভিশনের সামনে এবং স্টেডিয়ামে লাখো মেসি ভক্ত উপস্থিত হন। আবার মেসির নেয়া পেনাল্টি শট মানেই নিশ্চিত গোল- এমন ভাবনার লোকের কিন্তু অন্ত নেই! তবে এবার সে প্রত্যাশা পূরণ হলো না। ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের প্রায় তিন বছর পর আবারও পেনাল্টি মিস করলেন মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) শার্লট এফসির বিপক্ষে শনিবার রাতে এ কাণ্ড ঘটান আর্জেন্টাইন তারকা। মেসির ব্যর্থতার রাতে ব্যর্থ তার দল ইন্টার মিয়ামি। শার্লট এফসির বিপক্ষে তাদের হার ৩-০ গোলের।
শার্লট এফসির বিপক্ষে ম্যাচের শুরুটা
ভালোই করেছিল মেসির মিয়ামি। প্রথমার্ধের ৩২তম মিনিটে পেনাল্টি আদায় করে নেন তারা। তবে
সুযোগ কাজে লাগাতে পারেনি। মেসির পানেনকা শট
ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান কালিনা। বল মাঝ বরাবর আলতো করে ঠেলেছিলেন মেসি,
তবে ফাঁদে পড়লেন তিনিই। ক্রোয়াট গোলরক্ষক কালিনা একচুলও নড়লেন না। সহজেই ধরলেন শটটি।
গোলশূন্য অবস্থা থেকে পেনাল্টি ঠেকানোর পর উজ্জীবিত হয়ে উঠে শার্লট। মিনিট দুয়েক পরেই
এগিয়ে যায় তারা। ম্যাচের বাকিটা সময় একক আধিপত্য ধরে রেখে ইসরায়েলি উইঙ্গার ইদান তোকলোমাতির
হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। শার্লটের হয়ে এটি ২১ বছর বয়সী
তোকলোমাতির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
ম্যাচজুড়ে বলের দখল ছিল ইন্টার মিয়ামির
কাছেই
৫৯
শতাংশ। গোলমুখে ১০টি শট নিয়ে ৫টি ছিল লক্ষ্যে, কিন্তু সবকটিই রুখে দেন গত মৌসুমের সেরা
গোলরক্ষক কালিনা। শার্লট ৪টি শট নিয়েই ৩টি কাজে লাগিয়ে তুলে নেয় দুর্দান্ত জয়। চলতি
মৌসুমে এটি কালিনার দশম ক্লিনশিট।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ষষ্ঠ
মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল মিয়ামি। তাদের আইয়েন্দের ক্রস থেকে জর্দি আলবার জোরালো
ভলি দারুণভাবে রক্ষা করেন কালিনা। এরপর ৬৪ ও ৮৪তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক
পূর্ণ করেন তোকলোমাতি। শেষের দিকে মিয়ামি আরও বড় ধাক্কা খায় আর্জেন্টাইন ডিফেন্ডার
তমাস আবিলেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দলে পরিণত হওয়া মিয়ামির আর
ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না।
এই জয়ে টানা নবম জয় তুলে নিল শার্লট,
স্পর্শ করল ১৯৯৮ সালের সিয়াটল সাউন্ডার্সের রেকর্ড। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে
৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া,
যাদের পয়েন্ট ৫৭। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মেসির ইন্টার মিয়ামি।
ম্যাচ শেষে হতাশ মিয়ামি কোচ হাভিয়ের
মাচেরানো বলেন, ‘স্পষ্টতই এটা আমাদের সেরা রাতগুলোর
একটি ছিল না। শার্লট গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের চাপে ফেলে এবং আমরা আর ঘুরে দাঁড়াতে
পারিনি।’ পেনাল্টি
মিস করা মেসিকে নিয়েও কথা বলেন তিনি, ‘যদি কেউ একজন
মৌসুমজুড়ে আমাদের সাহায্য করে থাকে, তবে সেটা লিও (মেসি)। দুর্ভাগ্যজনকভাবে আজ তার
সুযোগটা কাজে লাগেনি।’