প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৫ পিএম
এই মাঠেই হবে ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছবি: রয়টার্স
২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নতুন মৌসুম মাঠে গড়াবে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর এবং পর্দা নামবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের মধ্য দিয়ে। একই মৌসুমে মেয়েদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে নরওয়ের রাজধানী অসলোর ঐতিহ্যবাহী ওল্লেভাল স্টেডিয়ামে।
এরই মধ্যে ২০২৭ সালের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু নিশ্চিত হয়েছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ
মর্যাদার এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের রাজধানী মাদ্রিদে,
আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানো স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার আলবেনিয়ার
রাজধানী তিরানায় অনুষ্ঠিত ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে এই
সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু হিসেবেও চূড়ান্ত
করা হয়েছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'র জাতীয় স্টেডিয়ামকে। একই বছর সুপার কাপের ম্যাচ
অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার সালসবুর্গে।
প্রাথমিকভাবে ২০২৭ সালের
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য ইতালির ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামকে বিবেচনায় রেখেছিল
উয়েফা। তবে স্টেডিয়ামটির সংস্কার প্রকল্পের বিস্তারিত তথ্য জমা না পড়ায় সিদ্ধান্ত গ্রহণ
পিছিয়ে যায়। পরে বিকল্প ভেন্যু হিসেবে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে চূড়ান্ত করে সংস্থাটি।
এদিকে, ঘরোয়া লিগের
ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। উয়েফা জানিয়েছে,
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শক, ক্লাব এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বিস্তারিতভাবে
আলোচনা করা হবে। তবে ইতোমধ্যে কিছু ম্যাচ বিদেশে আয়োজনের অনুমোদন পেয়েছে। আগামী বছরের
ফেব্রুয়ারিতে ইতালিয়ান সেরি আ’র ম্যাচে এসি মিলান মুখোমুখি হবে কোমোর বিপক্ষে,
আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার পার্থ শহরে। ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)
গত জুলাইয়ে ম্যাচটি আয়োজনের অনুমোদন দেয়। কারণ, নির্ধারিত সময়ের সঙ্গে মিলানে অনুষ্ঠেয়
শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সাংঘর্ষিক ছিল।
এছাড়া, চলতি বছরের ডিসেম্বরে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার একটি লা লিগা ম্যাচ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এরই মধ্যে এই উদ্যোগে সম্মতি দিলেও, পরদিনই এর বিরোধিতা করে বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। এই ধরনের আন্তর্জাতিক আয়োজন কার্যকর করতে ফিফার চূড়ান্ত অনুমোদনও প্রয়োজন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।