× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

জয় দিয়ে আজ খাতা খুলতে চায় টাইগাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ এএম

জয় দিয়ে আজ খাতা খুলতে চায় টাইগাররা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে আজ ফেভারিট হিসেবে খেলতে নামবে লিটন দাসের দল। 

সেবার ঘরের মাঠে দুর্বল হংকংয়ের কাছে হেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়ানডেতে ক্রিকেট পরাশক্তির দলে পরিণত হয়েছে টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের মেলে ধরতে পারছিল না তারা। সম্প্রতি এই ফরম্যাটে জয়ের ধারাবাহিকতায় রয়েছে তারা। টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ জিতে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা। 

শ্রীলঙ্কা-পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের জয়, এশিয়া কাপে দলকে অনুপ্রাণিত করবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ সব দলই ভালোভাবে প্রস্তুতি নিয়েই এখানে এসেছে। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা নিশ্চিত, আমরা আমাদের শতভাগ দেব।’ এ ছাড়া এশিয়া কাপ নিয়ে আরও বলেন, ‘আমরা টানা তিনটি সিরিজ জিতেছি এবং এটি অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে হংকংকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। তাই হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের চেষ্টা করবে বাংলাদেশ। কারণ টুর্নামেন্টে পরবর্তীতে ভালো রানরেট বড় প্রভাব রাখতে পারে। বাংলাদেশ ও হংকং ছাড়া এই গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে হৃদয় ভাঙে টাইগারদের।

এরপর ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন। কিন্তু তার ওই সেঞ্চুরি দলের হার এড়াতে পারেনি। তবে লিটনের বিশ্বাস এবার অধরা ট্রফি ধরা দেবে। তিনি বলেন, ‘আমরা এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা একটা ইতিহাস। আর ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়।’

ইতোমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করেছে হংকং। আফগানদের ছুড়ে দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ৯৪ রানের হার দিয়ে আসর শুরু করেছে হংকং।

বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত পাওয়া একমাত্র জয় থেকে অনুপ্রাণিত হচ্ছেন হংকং অলরাউন্ডার নিজাকাত খান। ম্যাচে ১৯ রানে তিন উইকেট দলের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।

নিজাকাত বলেন, ‘এটি ছিল খুবই বিশেষ একটি অর্জন। কারণ আমরা বাংলাদেশের মাটিতে তাদেরকে হারিয়েছিলাম। আমরা খুব ভালো খেলেছিলাম। বিশেষ করে আমি ভালো করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্পিনাররা খুব ভালো করেছিল। হ্যাঁ, এটা উপভোগ করার মতো একটা স্মৃতি। আমার সত্যিই মনে আছে নাদিম আহমেদ আর আমি ভালো বোলিং করেছি। বাংলাদেশকে হারাতে আমাদের জুটিবদ্ধ বোলিং দারুণ ভূমিকা রেখেছিল।

অতীতের পুনরাবৃত্তি আবারও করতে পারবেন বলে বিশ্বাস করেন নিজাকাত। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা ম্যাচ জিততে  চায়, আমাদের দল ভালোভাবে প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা