প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম
ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে আছেন সিকান্দার রাজা
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সিকান্দার রাজা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন দুটি হাফ সেঞ্চুরি। বল হাতেও নিয়েছেন একটি উইকেট। এই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ওয়ানডে অলরাউন্ডারদের হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে এখন শীর্ষে আছেন রাজা। তার রেটিং পয়েন্ট ৩০২।
এই তালিকায় দুই ও তিন
নম্বরে আছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২) । চতুর্থ
স্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ২৪৯।
ওয়ানডে ব্যাটসম্যানদের
র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। ৯ ধাপ এগিয়ে এখন তিনি অবস্থান করছেন ২২ নম্বরে।
ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ক্রিকেটে আবারও নিজের
জাত চেনালেন এই জিম্বাবুয়ান অলরাউন্ডার।
এদিকে,কেশব মহারাজ বোলিং
র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও পাকা করেছেন। রেটিং পয়েন্ট এখন ৬৯০। দ্বিতীয় স্থানে
থাকা মাহেশ থিকসানা চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে। ওডিআই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নবি।