২০২৬ বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:২৫ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির দল। বাছাইয়ের বাকি মাত্র দুটি ম্যাচ। ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। এই দুটি ম্যাচ সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
গত ১৮ আগস্ট ঘোষিত ৩০
জনের প্রাথমিক দল থেকে দুইজনকে বাদ দিয়ে ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করেছেন
কোচ লিওনেল স্কালোনি। বাদ পড়েছেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া।
বিশেষ করে মেদিনাকে বাদ দেওয়াকে অনেকেই বিস্ময়কর সিদ্ধান্ত হিসেবে দেখছেন, কারণ জুন
মাসেও তিনি শুরুর একাদশে খেলেছেন এবং ইনজুরিতে থাকা লিসান্দ্রো মার্টিনেজের বিকল্প
হিসেবে বিবেচিত ছিলেন।
অন্যদিকে, প্রাথমিক
স্কোয়াডে প্রথমবার সুযোগ পাওয়া পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ চূড়ান্ত
দলেও জায়গা ধরে রেখেছেন। তাঁর সঙ্গে থাকছেন আরও দুই তরুণ প্রতিভা,ম্যানচেস্টার সিটির
মিডফিল্ডার ক্লদিও এচেভেরি (১৯) এবং রিয়াল মাদ্রিদের নতুন সদস্য ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো
(১৮)
আবারও জাতীয় দলে ফিরেছেন
অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে মাঠে ফেরা এই তারকাকে নিয়ে শোনা যাচ্ছে, ভেনেজুয়েলার
বিপক্ষে ম্যাচটি হতে পারে তার ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও বিষয়টি নিয়ে এখনো
কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে, স্কোয়াডে নেই
বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞায়
থাকা এনজো ফার্নান্দেজ বাদ পড়েছেন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই পাওলো
দিবালাও। এ ছাড়া জায়গা হারিয়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো
বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিন কাস্টেয়ানোস।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক
: এমিলিয়ানো মার্টিনেজ,
জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার
: ক্রিস্টিয়ান রোমেরো,
নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো,
মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল
মিডফিল্ডার
: লিয়েন্দ্রো পারেদেস,
নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো,
ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা,
অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।