প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৮:৪৫ পিএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ৩৬ দলের হয়েছে গত মৌসুমেই। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় মৌসুম শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ডামাডোল অবশ্য বেজে উঠেছে আগেই। বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষ হয়েছে আজ বুধবার। আর কাল বৃহস্পতিবার লিগ পর্বের ড্র। ৩৬ দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।
গতকাল মঙ্গলবার রাতে প্লে-অফ জিতে সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগের মূলপর্ব নিশ্চিত করেছে। পাফোস মুখোমুখি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের। তারা ১-১ ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতেছে। বোডো/গ্লিমট দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজের বিপক্ষে।
চার দলের মধ্যে সবচেয়ে নতুন সাইপ্রাসের ক্লাব পাফোস।
১১ বছর আগে যাত্রা শুরু করে ক্লাবটি। ম্যাকাবি তেলআবিব ও দিনামো কিয়েভকে হারানোর পরই
তারা প্লে-অফে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়। সেখানে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত
করেই সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ খেলতে যাচ্ছে।
মাসখানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছিল চারবারের
নরওয়েজিয়ান লিগ জয়ী বোডো/গ্লিমট। এবার তারা ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজীয় ক্লাব
হিসেবে চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে উঠেছে। এর আগের মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে
উঠেছিল বোডো/গ্লিমট। সেখানে তাদের হারিয়ে ফাইনালে ওঠার পর শিরোপা উৎসবও করে টটেনহাম।
এর আগে আসন্ন চ্যাম্পিয়নস লিগে প্রথমবার টিকিট কাটে কাজাখস্তান
চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান
চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমকই দিয়েছিল কাজাখ ক্লাবটি। ওই দেশ থেকে আস্তানার
পর ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে কাইরাত। এ ছাড়া সেইন্ট-জিলোয়া ২০২৪-২৫ মৌসুমে
বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ইউসিএলে জায়গা পায়।