× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

প্রথমবার এশিয়ার মঞ্চে ওমান, ১৭ সদস্যের দল ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৮:০৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১৮:৪০ পিএম

প্রথমবার এশিয়ার মঞ্চে ওমান, ১৭ সদস্যের দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ হতে যাচ্ছে ওমান জাতীয় ক্রিকেট দলের জন্য প্রথমবারের মতো অংশগ্রহণের মঞ্চ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে ওমান কখনও মূল এশিয়া কাপে খেলার সুযোগ পায়নি। যদিও ওমান কয়েকটি বাছাইপর্বে খেলেছে, তবে মূল আসরে জায়গা করে নিতে পারেনি।

আজ  মঙ্গলবার এই ঐতিহাসিক উপলক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রকাশিত স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণ। চারজন নতুন মুখও জায়গা পেয়েছেন, যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত নন। নতুন চার ক্রিকেটার হলেন, সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান।

দলটির নেতৃত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার যতিন্দর সিং, যিনি ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করলেও শৈশবে পরিবারসহ ওমানে পাড়ি জমান এবং সেখানেই গড়ে ওঠেন। ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ২০১৫ সালে ওমানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত তিনি ৫৪ ম্যাচে ১১২০ রান করেছেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওমানের কোচ দুলিপ মেন্ডিস।তিনি বলেন, ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে পারা আমাদের যেকোন ক্রিকেটারের জন্য কাঙ্খিত মুহূর্ত। ক্রিকেটের পাওয়ারহাউজ খ্যাত দলগুলোর বিপক্ষে ওমান এশিয়া কাপে চিহ্ন রেখে যেতে চায়। ম্যাচে শুধু দক্ষতার নয় মানসিক লড়াইও থাকবে। দ্রুতগতির টি-২০ ক্রিকেটে যা কিছু ঘটে যেতে পারে। একজন দুর্দান্ত কিছু করলে পুরো ম্যাচের চিত্র বদলে যেতে পারে। 

দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাদিম ও করণ সোনাভালে। মূল ব্যাটিং ভরসা থাকবে ওপেনার এবং অধিনায়ক যতিন্দর সিংয়ের উপর। বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন শাকিল আহমেদ, পাশাপাশি লেগ স্পিনার শ্যাময় শ্রীবাস্তব হবেন গুরুত্বপূর্ণ অস্ত্র। এশিয়া কাপে ওমান পড়েছে কঠিন গ্রুপে। তাদের প্রতিপক্ষ হলো এশিয়ার দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান, সাথে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে নিচ্ছে দলটি।

ওমানের এশিয়া কাপে যাত্রা শুরু হবে ১২ সেপ্টেম্বর, প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১৫ সেপ্টেম্বর খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৯ সেপ্টেম্বর মাঠে নামবে ভারতের বিপক্ষে, যেটি হবে দলের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।

এশিয়া কাপের জন্য ওমান স্কোয়াড- জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওডেদেরা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, আরিয়ান বিস্ত, করণ সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ ও শ্যাময় শ্রীবাস্তব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা