এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৯:২১ পিএম
আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট হংকং। এই স্কোয়াডের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্যাটার বাবর হায়াত, যিনি এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার কৃতিত্ব রাখেন। ২০১৬ সালের আসরে ফতুল্লায় ওমানের বিপক্ষে খেলেছিলেন ১২২ রানের ঝলমলে ইনিংস।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্রিকেটার,
কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বোচ্চ ২৫ জন সদস্য নিয়ে যাওয়া যাবে টুর্নামেন্টে।
অতিরিক্ত সদস্য থাকলে তার খরচ বহন করতে হবে নিজ নিজ বোর্ডকে। এই নিয়ম মাথায় রেখেই হংকং
দল ঘোষণা করেছে ২০ জনের বিস্তৃত স্কোয়াড।
দল নির্বাচনের পেছনে পরিকল্পনার কথা জানিয়েছেন হংকংয়ের প্রধান কোচ
কুশল সিলভা। তিনি বলেন, এশিয়া কাপ দিয়েই আমাদের প্রস্তুতির মূলধারা শুরু হচ্ছে। এই
টুর্নামেন্টের অভিজ্ঞতা আমাদের পরবর্তী লক্ষ্যগুলো নির্ধারণে সহায়ক হবে। তাই আমরা বড়
স্কোয়াড নিয়ে যাচ্ছি, যাতে প্রতিটি খেলোয়াড়কে পর্যবেক্ষণ ও মূল্যায়নের সুযোগ পাওয়া
যায়। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং দলের জন্য লড়াই করার মানসিকতা
গড়ে তোলার সুযোগও তৈরি হবে।
এটি হংকংয়ের পঞ্চম এশিয়া কাপযাত্রা। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ এবং
২০২২ সালে এশিয়া কাপে অংশ নিয়েছিল দলটি। তবে এবারই প্রথমবারের মতো তারা একটি বিস্তৃত
ও প্রতিযোগিতামূলক স্কোয়াড নিয়ে নামতে যাচ্ছে, যেখানে তরুণ ও অভিজ্ঞদের মধ্যে ভারসাম্য
বজায় রাখা হয়েছে।
এবারের আসরে হংকং রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ,
আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান
শুরু করবে ইয়াসিম মুর্তজার দল। এরপর ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং ১৫ সেপ্টেম্বর
খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হংকংয়ের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগও। তরুণ ক্রিকেটারদের জন্য এটি হতে পারে আত্মপ্রকাশের আদর্শ প্লাটফর্ম।
হংকং স্কোয়ার্ড : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ ও এহসান খান।