এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন এশিয়া কাপ-২৫ সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক মানদণ্ডকে গুরুত্ব দিয়ে বেছে নেওয়া এই দলে নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রশিদ খান। দলে ফিরেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারও, যাদের উপস্থিতিতে শক্তির ভারসাম্য অনেকটাই বেড়েছে।
প্রায় এক বছরের বেশি
সময় পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে পেসার নাভিন উল হকের। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ
জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফার
এবং প্রাথমিক স্কোয়াডে না থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে জায়গা পাওয়া স্পিনার মুজিব উর
রহমান। ইনজুরি থেকে ফেরার পর মুজিব নিজের ফর্ম প্রমাণ করেছেন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি
লিগ ‘শাপগিজা ক্রিকেট লিগে’। সেখানে ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ
উইকেটশিকারি হন তিনি। পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ৪ ইনিংসে করেছেন ৪৮ রান।
দল নির্বাচন নিয়ে আফগান
নির্বাচকরা পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি। বরং আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত ও নির্ভরযোগ্য
ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে স্কোয়াড। বিশেষ করে বোলিং বিভাগে রীতিমতো একঝাঁক
ম্যাচজয়ী অস্ত্র নিয়ে নামছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। রশিদ, নাভিন ও গাজানফারের
পাশাপাশি দলে আছেন পেসার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অভিজ্ঞ অলরাউন্ডার
মোহাম্মদ নবি এবং গতিময় অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ।
শেষ তিনটি সাদা বলের
আইসিসি ইভেন্টে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে আফগানিস্তান,
শুধু ভারতের পরই তাদের অবস্থান। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার এশিয়া কাপেও অন্যতম
শিরোপা দাবিদার হিসেবে মাঠে নামতে চায় তারা। মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির
অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে রশিদরা, যেখানে প্রতিপক্ষ
হবে পাকিস্তান ও আমিরাত।
এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে আফগানিস্তান। তাদের গ্রুপে রয়েছে
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের
টুর্নামেন্ট যাত্রা। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে
খেলবে রশিদ খান নেতৃত্বাধীন দলটি।
প্রতিভাবান এবং অভিজ্ঞতার
মিশেলে গড়া আফগানিস্তানের এই দলটি ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড পারফরম্যান্সের দিক থেকে
ভারসাম্যপূর্ণ। ঘরোয়া ও আন্তর্জাতিক পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত এই স্কোয়াড এশিয়া
কাপে বড় কোনো চমক উপহার দিতে দলটি প্রস্তুত।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক এবং ফজলহক ফারুকি।