× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

জোতা, তুমি আছ হৃদয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৩৭ পিএম

ম্যাচের শুরু, মাঝ কিংবা শেষ- গত শুক্রবার অ্যানফিল্ড ছিল জোতাময়। সাবেক সর্তীথকে স্মরণ করেন সালাহ-গ্যাকপো ও একিটিকিরা

ম্যাচের শুরু, মাঝ কিংবা শেষ- গত শুক্রবার অ্যানফিল্ড ছিল জোতাময়। সাবেক সর্তীথকে স্মরণ করেন সালাহ-গ্যাকপো ও একিটিকিরা

সবকিছু ঠিক থাকলে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে (২০২৫-২৬) লিভারপুলের জার্সি পরে মাঠে নামার কথা দিয়েগো জোতার। অথচ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পতুর্গিজ তারকা ও তার ভাই আন্দ্রে সিলভা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের জুলাইয়ে স্পেনের জামোরা প্রদেশে দুই ভাইয়ের অকাল মৃত্যুতে শোক নামে বিশ্ব ফুটবলে।

জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা এখন অতীত। তবুও সময়ের বাঁকে তাদের স্মরণ করছে ফুটবল।  শুক্রবার প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও বোর্নমাউথ। ম্যাচে জোতাকে স্মরণ করার ক্ষণ বারবার ফিরেছে। ম্যাচের আগে, ম্যাচ চলাকালে এবং শেষে স্মরণ করা হয়েছে জোতাকে।

অ্যানফিল্ডে অতিথি বোর্নমাউদের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের দিনে শুরুতেই জোতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ধারাবাহিকভাবে এই সপ্তাহে প্রিমিয়ার লিগের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে। গ্যালারিতে উপস্থিত ছিল জোতার পরিবার। ম্যাচের আগে খেলোয়াড়েরা যখন মাঠে নামছিল, দর্শকরা তখন ‘ওহ, হি ওয়্যারস দ্য নম্বর ২০’ গানটি গেয়েছেন। এরপর ম্যাচের ২০তম মিনিটে একটি পতাকা ওড়ানো হয়, যাতে লেখা ছিল ‘অ্যানফিল্ড সব সময়ই তোমার বাড়ি’।

কিক-অফের আগে গাওয়া হয় লিভারপুলের ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানটি এবং নীরবতা পালন করা হয়। এ সময় ক্লপ এবং স্যার কেনি ডালগ্লিশ স্ট্যান্ডে ভক্তদের তৈরি করা বিশেষ মোজাইকও দেখা যায়। রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর কাঁদতে কাঁদতে তালি দিয়ে সমর্থকদের সঙ্গে জোতাকে স্মরণ করেন মোহাম্মদ সালাহ। ম্যাচে গোল করে জোতার মতো উদ্‌যাপনও করেন মিসরীয় তারকা।

জোতাকে নিয়ে কিয়েসা বলেছেন, ‘এই গোলের মুহূর্তটা আমার জন্য দারুণ ছিল। কিন্তু আমার ভাবনা ঘিরে ছিল জোতা। আমি মনে করি, এটা তার দিনই ছিল। সমর্থকরা আমাকে যা অনুভব করিয়েছে, যেভাবে তারা পুরো ম্যাচে তার গান গেয়েছে, এটা খুবই আবেগঘন ছিল। গোল করার পর আমার মনে পড়েছে তার পরিবার ও ভাই আন্দ্রের কথাও। এটুকুই শুধু আমি বলতে চাই।’

দর্শক-পরিবার কিংবা সতীর্থরাই নন, জোতাকে স্মরণ করেছেন আর্নে স্লট। লিভারপুলের কোচ খেলার মাঝপথে হন্যে হয়ে খোঁজেন প্রিয় জোতাকে। কারণ, প্রিমিয়ার লিগে অভিষিক্ত হুগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। ২-২ সমতায় থাকে ম্যাচ। এ নিয়ে স্লট বলেছেন, ‘সাধারণত যখন স্কোর ২-২ হয়, সবাই জানে আমি কোন খেলোয়াড়ের দিকে তাকাই। আমি চাইতাম জোতাকে নামাতে, কিন্তু মর্মান্তিক কারণে পারিনি। তবে ভক্ত আর খেলোয়াড়েরা আমাদের জন্য খেলেছে, যেভাবে জোতা আমাদের জন্য খেলত।’

স্লট যোগ করেন, ‘আমার মনে হয়, দিয়োগোকে ঘিরে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তার শক্তি আর গভীরতাই ছিল আসল অনুভূতি। ম্যাচের পর আমি যেতে চাইনি, কারণ আজ আমাদের সমর্থকরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বিশেষ ছিল।’

এ ছাড়া খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরবেন, স্টেডিয়ামের বড় পর্দায় বার্তা ও ছবি প্রদর্শিত হবে। আর মৌসুমজুড়ে লিভারপুলের খেলোয়াড়দের জার্সি ও স্টেডিয়াম জ্যাকেটে ‘ফরএভার ২০’ প্রতীক থাকবে। জোতার আরেক ক্লাব উলভসও শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিশেষ শ্রদ্ধা জানাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা