× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি সভাপতি

দেশের ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ছুটে বেড়াচ্ছি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৮:৪২ পিএম

দেশের ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ছুটে বেড়াচ্ছি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের ক্রিকেটকে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে কাজ করছে বিসিবি। যেন উপজেলা থেকে একজন ক্রিকেটার, সাধারণ মানুষ দাবি করতে পারে আই এম পার্ট অব বাংলাদেশ ক্রিকেট। আমরা সে লক্ষ্যে গোটা দেশে ছুটে বেড়াচ্ছি। শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে এই আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম বলেন, আমরা ঢাকা কেন্দ্রিক ক্রিকেট চাই না। আমি চাই না কেউ রংপুরের টিম, চট্টগ্রামের টিম ঢাকায় বসে করে দিক। রংপুরে একটা বিসিবি থাকবে, এখানে সিলেকশন কমিটি থাকবে তারা বিভিন্ন এজগ্রুপে সিলেকশনের কাজ করবে। রংপুরের ছেলে ও মেয়েদের একটি টিম থাকবে, যারা গোটা দেশের সঙ্গে লড়াই করে শিরোপা আনবে এবং পরবর্তীতে জাতীয় দলের জন্য কাজ করবে। আমরা ক্রিকেট ক্রেজিনেসকে ছড়িয়ে দিতে চাই। যেন রংপুরের খেলা দেখতে মানুষ রাজশাহীতে বাস ভরে চলে যায়।

তিনি আরও বলেন, দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে। আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা এখানে কেউ স্থায়ী না, তবে দেশের ক্রিকেট যেন স্থায়ীভাবে এগিয়ে যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। 

ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেন, ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে। এই মাঠে আমি নিজেই ফার্স্টক্লাস ক্রিকেট খেলেছি। আমি দুঃখিত, মাঠের বর্তমান অবস্থা দেখলাম, অনেক উন্নয়ন করার জায়গা রয়েছে। প্রতিভার কারণে এই মাঠ থেকে নাসির, শুভ, নাইম, সুমনারা উঠে এসেছে। প্রতিভা বিকশিত করার সুযোগ-সুবিধা দিলে এখান থেকে আরও বড় বড় প্রতিভাবান বের হবে। এখানে অবকাঠামো গড়তে সময় লাগবে, তবে এটি আমাদের অগ্রাধিকার থাকবে।

রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করার আশ্বাস দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা খেলোয়ার। পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো যেন তাড়াতাড়ি এমন কিছু সুবিধা দেওয়া যায় যেন রংপুরে ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠে। এটি গড়ে না ওঠার কারণে অনেক খেলোয়ারদের আমরা শেষ করে দিয়েছি। তাদের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমরা চাই না আর এটি হোক। আমরা সঠিক কোচিং, ট্রেনিং ও ক্রিকেট শিক্ষা দিয়ে ভালো কোচ তৈরি করবো। সেই কোচরা ভালো ক্রিকেটার তৈরি করবে। দলে খেলোয়ার বাছাইয়ের একটি নিয়ম থাকবে, সেই নিয়ম অনুযায়ী খেলোয়াররা দলে চান্স পাবে।

রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, রংপুরে আন্তর্জাতিক স্টেডিয়াম হওয়া উচিত। তবে এটি বাস্তবায়নে বোর্ডের সিদ্ধান্তে হবে না, এটি সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। এটি হওয়া উচিত। রংপুরের টিম টি-টুয়েন্টি, ওডিআই, টেস্ট ক্রিকেটসহ সব ফরম্যাটে চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে হাজার হাজার মেধাবী রয়েছে। কিন্তু তাদের আমরা কতটুকু বিকশিত করতে পারছি জানি না। তবে ক্রিকেটের উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হোসাইন সামির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার নাসির হোসেন, সাজেদুল ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়ার জান্নাতুল ফেরদৌস সুমনা, সোবহানা মোস্তারিসহ অন্যরা।

টেস্ট মর্যাদার ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত কার্নিভালে অনূর্ধ্ব-১২ ছেলে ও মেয়েদের ১৪টি দলের খেলোয়াররা সিক্স-এ সাইড ক্রিকেটে অংশ নেয়। এ ছাড়া বোলারদের গতি পরীক্ষা, ক্রিকেট মেন্টরিং, কমেন্ট্রি স্কিল, হিট দ্যা স্টাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়। বিকেলে কার্নিভালে অংশ নেওয়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা