প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৯:১২ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১১:২৬ এএম
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিদা দার। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে নিজের এ সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান নারী দলের সাবেক এ অধিনায়ক।
ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ হিসেবে নিজের মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নিদা। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো নয়। এ ছাড়া ব্যক্তিগত কিছু সমস্যাও তাকে মোকাবিলা করতে হচ্ছে। তাই সব মিলিয়ে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
নিদা লিখেছেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’
তবে কবে আবারও ক্রিকেটে ফিরবেন এ বিষয়ে কিছু জানাননি তিনি। নিদা লেখেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমনকি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়া চারজনের একজন এ স্পিন বোলিং অলরাউন্ডার।