× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের অন্ধকারে আলো শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত; ছবি- ইএসপিএন ক্রিকইনফো

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত; ছবি- ইএসপিএন ক্রিকইনফো

আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার পরও মাঠেই ছিলেন আম্পায়াররা। আকাশ পরিষ্কার হয়ে আলোর সংকট কাটে কি না, সেটি দেখতেই মূলত মিনিট দশেকের অপেক্ষা। এরপর ঘোষণাটা দিয়েছেন, আর খেলা সম্ভব নয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেরিতে শুরু আর আগেভাগেই শেষ হওয়া প্রথম টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে। জিম্বাবুয়ের চেয়ে এখন ১১২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু হয় দুপুর ১টায়। এরপর খেলা হতে পারে ৪৪ ওভার। ১ উইকেট ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ যোগ করতে পেরেছে ১৩৭ রান, এ সময়ে হারিয়েছে ৩ উইকেট। দলের ভরসা হয়ে টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ সকালে চতুর্থ দিনটা ৬০ রানে শুরু করবেন নাজমুল। ৩৯ রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গী জাকের আলী অনিক অপরাজিত ২১ রানে।

বৃষ্টিভেজা দিনে বাংলাদেশের ইনিংসে ১৬ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ডানহাতি এই ব্যাটার ব্লেসিং মুজারাবানির বলে খোঁচা দিতে গিয়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে থামেন ৬৫ বলে ৩৩ রান করে। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন শান্ত। ইনিংসের শুরুতে বোলারদের ওপর চড়াও হলেও ধীরে ধীরে ফিরেছেন প্রথাগত টেস্ট মুডে। বিশেষ করে ২৬ রানের একবার জীবন পাওয়ার পর।

জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি নাজমুলকে আক্রমণাত্মক হয়ে ওঠার প্ররোচনা দিয়েছেন বারবারই। তবে ভুল যে করেননি তাও নয়! মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বল দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসের হাতে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। এরপর ব্যাট ছুড়ে নাজমুল যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতেই বোঝা গেছে তার লড়াকু মানসিকতা। প্রথম ইনিংসে একইভাবে ৪০ রানে আউটের পরই হয়তো এই উপলব্ধি তার।

অপর পাশে থাকা মুমিনুল সকাল থেকে বাংলাদেশের স্কোরবোর্ড টেনেছেন। তবে ব্যক্তিগত ৪৭ রানে মনযোগ হারান এই বাঁহাতি ব্যাটসম্যান। নিয়াউচির অফ স্টাম্পের বাইরে পাতা ফাঁদে ধরা পড়ে ক্যাচ দেন উইকেটকিপার নিয়াশা মায়াভোর গ্লাভসে। অফ স্টাম্পের বাইরের শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি মুমিনুল। ব্যাটে লেগে ক্যাচ যায় উইকেটরক্ষক মায়াভোর কাছে। তাতে ভাঙে নাজমুলের সঙ্গে ৯১ বল স্থায়ী ৬৫ রানের জুটি।

মুশফিক ফেরেন এর পরপরই। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বসেন তিনি। ২০ বলে ৪ রান করা মুশফিকের সহজ ক্যাচ নেন জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অভিজ্ঞ এই ব্যাটারের দায়িত্বহীন ব্যাটিংয়ে উঠছে নানা প্রশ্নও। দিনের বাকি যে সময়টুকুতে খেলা হয়েছে, তাতে ভালোভাবেই সামলেছেন নাজমুল ও জাকের আলী। ১০৩ বলে ৭ চারে ৬০ রানে খেলছেন নাজমুল । ৩ চারে ৬০ বলে জাকের আলীর রান ২১।

আগের দিন মেহেদি হাসান মিরাজ জানিয়েছিলেন, ৩৫০-৪০০ রান করে জিম্বাবুয়েকে ৩০০ রানের টার্গেট দেওয়ার কথা। গতকাল সংবাদ সম্মেলনে মিরাজের সেই কথার পুনরাবৃত্তিই যেন করলেন মুমিনুল হক। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানান, জিম্বাবুয়েকে ৩০০ রানের টার্গেট দিতে চান তারা।

মুমিনুল বলেছেন, ‘৩০০ রানের ওপরে দিলে ভালো। ৩০০ না হলেও ২৭০-২৮০, ৩০০ হলে আরও বেটার পজিশনে চলে যাব আমরা।’ ব্যাটারদের নিয়ে ৩০০ রানের টার্গেট পর্যন্ত যেতে আত্মবিশ্বাসী কি নাÑ এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেছেন, ‘হ্যাঁ আত্মবিশ্বাসী কারণ তাদের পরে যারা আছে তাইজুল (ইসলাম), হাসান (মাহমুদ) এরাও ব্যাট করতে পারে। এজন্য আত্মবিশ্বাসটা বেশি আর কী।’

কীভাবে আগাতে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন মুমিনুল, ‘এসব জায়গায় আমাদের আরেকটু, (মেহেদী হাসান) মিরাজ আছে, ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে। কালকে সকাল কঠিন হতে পারে, ক্যালকুলেটিভ হতে হবে। খেলা একটা সময় হয়তো ছাড়বে, আমরা ধরব, ক্রাঞ্চ মোমেন্টে আমাদের আরও লম্বা সময় অনেক মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ভালো জুটি গড়তে পারে ৩০০-এর কাছাকাছি যাওয়া সম্ভব।’

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
বাংলাদেশ : ১৯১ ও ৫৭ ওভারে ১৯৪/৪ (সাদমান ৪, মাহমুদুল ৩৩, মুমিনুল ৪৭, নাজমুল ৬০*, মুশফিক ৪, জাকের ২১*; মুজারাবানি ৩/৫১, নিয়াউচি ১/২৮)।
জিম্বাবুয়ে : ১ম ইনিংসে ৮০.২ ওভারে ২৭৩ (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, নাহিদ ৩/৭৪)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা