× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৯ পিএম

ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি

ফরাসি লিগ ‘আঁ শেষ হতে এখনো মাস দেড়েক বাকি। লিগে পিএসজির ম্যাচ বাকি আরও ৬টা। কিন্তু সেই ৬ ম্যাচে এখন শুধু নিয়মরক্ষার জন্য মাঠে নামবে পিএসজি। এরই মধ্যে যে লিগের শিরোপা জিতে গেছে তারা! ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে অঁজির বিপক্ষে হার এড়ানোই যথেষ্ট ছিল পিএসজির জন্য। শক্তিতে অনেক এগিয়ে থাকা দলটি যেন কাজ সারতে চাইল গোল উৎসব দিয়ে। আক্রমণের বন‍্যায় অনেক সুযোগ তৈরি করলেও তত গোল পেল না লুইস এনরিকের দল। তবে জয় দিয়েই তারা ধরে রাখল লিগ আঁর শিরোপা।

শনিবার পার্ক দি প্রিন্সেসে একপেশে ম‍্যাচে  লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব‍্যবধান গড়ে দিয়েছেন দিজিরে দুয়ে। ওই এক গোলের সুবাদেই ছয় ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলে দলকে নিয়ে গেছেন সবার ধরা ছোঁয়ার বাইরে। লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। এক যুগের বেশি সময় ধরে লি আঁয় দাপট দেখাচ্ছে প‍্যারিসের দলটি। কাতারি রাষ্ট্রীয় মালিকানাধীন দলটি সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে।

জয়ের ব্যবধানটা মাত্র ১ গোলের হলেও পুরো ম্যাচে একচ্ছত্র দাপট ছিল পিএসজির। বলের ওপর তাদের দখল ছিল ৮১.২%, মোট ২০টি শট নেয় প্রতিপক্ষের গোলমুখে। তবু প্রথমার্ধে ১১টি শট নিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। গঞ্জালো রামোস ও ভিতিনিয়া খুব কাছাকাছি গিয়েও সুযোগ নষ্ট করেছেন। ৩৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভিতিনিয়ার শট ঠেকিয়ে দেন অঁজি গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

অবশ্য বিরতির পরপরই এগিয়ে যায় পিএসজি। খাভিচা কাভারাৎস্খেলিয়ার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড দুয়ে। এগিয়ে যাওয়ার পর সফরকারীদের আরও চেপে ধরে পিএসজি। ছন্দে থাকা উসমান দেম্বেল মাঠে নামার পর আক্রমণের ধার আরও বাড়ে। কিন্তু ব‍্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে খুব স্বাভাবিকভাবেই খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। তাই বলে লিগের বাকি ম্যাচগুলোতে গা ছাড়া হতে চান না পিএসজি কোচ, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করে ফেলাটা বলে দেয়, আমরা এই মৌসুমে কত উঁচু মানে পৌঁছেছি। তবে এখনো কিছু ম্যাচ বাকি। আশা করছি অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারব। ফ্রান্সে এর আগে এটা কোনো দল করতে পারেনি। এখন ওটাই আমাদের লক্ষ্য।

লক্ষ্য নিশ্চয়ই আরও আছে এনরিকের। পিএসজিকে এই মৌসুমে ট্রেবল জেতানোর দারুণ সুযোগ তার সামনে। এরই মধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষে ইংল‍্যান্ডের অ‍্যাস্টন ভিলা। আগামী বুধবার প্রথম লেগ হবে প‍্যারিসে। ওই দুটি টুর্নামেন্টেও নিশ্চয়ই শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না এনরিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা