ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৪ পিএম
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বিরতির আগের ক্ষতে প্রলেপ দিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে লিভারপুল। এই সপ্তাহে আরও জয়ের মুখ দেখেছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট ও নিউক্যাসল ইউনাইটেডের মতো দলগুলো।
১৮তম শিরোপার পর আরেকটি প্রিমিয়ার লিগ জিততে ৩০ বছর অপেক্ষা করতে হয়েছিল লিভারপুলকে। এবার অপেক্ষাটা এত দীর্ঘ নয়। ৫ বছরের ব্যবধানে ২০তম শিরোপার সুবাস পাচ্ছে অলরেডরা। লিগের ৩০ রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ পয়েন্টের দূরত্ব রেখে শীর্ষে আছে লিভারপুল। সেই প্রতিদ্বন্দ্বী হলো আর্সেনাল। তাদের সঙ্গে ১২ পয়েন্টের দূরত্ব ধরে রেখেছে লিভারপুল।
কদিন আগে ফুলহামকে ২-১ গোলে হারিয়ে ব্যবধানটা ৯-এ নামিয়ে এনেছিল আর্সেনাল। বুধবার রাতে মার্সি সাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় আবার লিভারপুলকে ১২ পয়েন্টে এগিয়ে দিয়েছে। ৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩, সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। অবশ্য মার্সিসাইড ডার্বিতে এদিন জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে লিভারপুলকে। বলের নিয়ন্ত্রণ রাখলেও অলরেডরা পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র তিনটি। একমাত্র গোলটা করেছেন দিয়োগো জোতা, খেলার ৫৭ মিনিটে।
খেলার শুরুতেই লিভারপুলের জালে বল পাঠান এভারটন স্ট্রাইকার বেতো। কিঞ্চিৎ ব্যবধানে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৪ মিনিটে লিভারপুল গোলকিপার কেলভিন কেলেহারকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেতো, শট নিয়েছেন পোস্ট বরাবর। শেষ পর্যন্ত কষ্টে পাওয়া জয় লিভারপুলকে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে দিয়েছে।
এভারটনকে হারাতে যে অনেক বেগ পেতে হয়েছে, তা একবাক্যে স্বীকার করেছেন কোচ অর্নে স্লট, ‘অবশ্যই কঠিন লড়াই হয়েছে। এতে অবাক হওয়ার কিছু ছিল না। এভারটন টানা নয় ম্যাচ অপরাজিত ছিল। এই সময়ে তারা খুব কম গোল হজম করেছে, তাদের বিপক্ষে খুব কম সুযোগ তৈরি করতে পেরেছিল দলগুলো।’
এদিন রাতের অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে লেস্টার সিটিকে, নিউক্যাসল ২-১ গোলে ব্রেন্টফোর্ডকে এবং অ্যাস্টন ভিলা ৩-০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
এই মুহূর্তে ৫১ পয়েন্ট নিয়ে সিটি চারে আছে। পাঁচে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার অবস্থান সাতে, ভিলার কাছে হেরে যাওয়া ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে আছে আটে। আর ছয়ে থাকা চেলসির পয়েন্ট ৪৯। অর্থাৎ চার থেকে আট থাকার দলগুলোর মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান!