× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসএলে খেলার অনুমতি পেলেন রিশাদ-নাহিদ-লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২০:২৮ পিএম

পিএসএলে খেলার অনুমতি পেলেন রিশাদ-নাহিদ-লিটন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে খেলার অনুমতিপত্র পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও পেসার নাহিদ টুর্নামেন্টের শুরুতে অংশ নিতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। তাই বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রিশাদ টেস্ট দলের বিবেচনায় না থাকায় ও লিটনকে ছুটি দেওয়ায় পিএসএলের পুরো মৌসুম খেলতে পারবেন তারা।

এদিকে গতিতারকা নাহিদ রানা পুরো সময়ের জন্য পিএসএলের এনওসি পাচ্ছেন না। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট খেলে ২৬ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবেন তিনি। অবশ্য এর মধ্যে তার দল পেশোয়ার জালমি পাঁচটি ম্যাচ খেলে ফেলবে। এরপর বাকি ম্যাচগুলোতে তিনি অংশ নিতে পারেন। আগামী ১৮ মে পর্দা নামবে পিএসএলের এবারের আসর।

এর আগে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস। আর গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে টেনেছে নাহিদ রানাকে।

এদিকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে চলে গেছেন নাহিদ। গতকাল বৃহস্পতিবার সেখানে একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখানে পিএসএলে খেলা প্রসঙ্গে সাংবাদিকদের তরুণ এই পেসার বলেন, ‘পিএসএলের মতো একটি বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি, আমার অনুভূতি অবশ্যই ভালো। সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেবো।’

জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজ এলাকায় পুরোনো নাহিদই আছেন বলে জানান তিনি, ‘দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাহিদ রানা ছিলাম, এখনও তেমনই আছি। আমার মধ্যে না কোনো পরিবর্তন আসছে, না তারাও পরিবর্তন হয়ে গেছে। একেবারে স্বাভাবিক আছি। আগে যেরকম ছিলাম এখনও সেরকম আছি।

নিজ জেলার  ক্রিকেটের উন্নতিতেও কাজ করতে চান ২২ বছর বয়সী এই পেসার, ‘আমি চাঁপাইনবাবগঞ্জের একজন সেহেতু অবশ্যই আমার পরিকল্পনা আছে। কোচ বা এখানকার ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে বসে এই বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন চাঁপাই-এক্সপ্রেস খ্যাত পেসার নাহিদ রানা। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাবেন টাইগার তরুণ এই স্পিডস্টার। সব ঠিক থাকলে বাবর আজম, সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে দেখা যাবে এই পেসারকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা