লিগ কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১২:০২ পিএম
দীর্ঘদিন পর সুসময় দেখল নিউক্যাসল
লিভারপুলের হলোটা কী? চ্যাম্পিয়নস লিগে শীর্ষে থেকে শেষ ষোলোতে নাম লিখিয়েছিল অল রেডসরা। সেখান পিএসজির কাছে হেরে সর্বশান্ত। গতকাল লিগ কাপেও স্বপ্ন ভেঙে চুরমার। নিউক্যাসলের কাছে ২-১ ব্যবধানে হেরেছে হট ফেবারিটরা। এতে ৭০ বছরের আক্ষেপ ও অপেক্ষা ঘুচাল ‘দ্য ম্যাগিফাই’রা। দীর্ঘদিন পর ইংলিশ ক্লাবটির নামের পাশে যুক্ত হল ‘চ্যাম্পিয়ন’ শব্দ। বিপরীতে আর্নে স্লটের দলের স্বপ্ন এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগেই।
ওয়েম্বলিতে ধুন্ধুমার ফাইনালে ২-১ গোলে জিতেছে নিউক্যাসেল। ড্যান বার্ন প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আলেকসান্দার ইসাক। যোগ করা সময়ে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন ফেদেরিকো চিয়েসা। তবে স্নায়ুক্ষয়ী শেষ সময়টুকু দারুণ দৃঢ়তায় কাটিয়ে শিরোপার উৎসবে মাতে এডি হাউয়ের দল। হাইভোল্টেজ ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোলের জন্য নিতে পারে কেবল সাতটি শট, এর দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিউক্যাসলের ১৭ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
ইংলিশ ফুটবলে সেই ১৯৫৫ সালে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল, ঘরে তুলেছিল এফএ কাপ। আর ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ (বর্তমানের ইউরোপা লিগ) জিতে ক্লাবের ইতিহাসে সবশেষ বড় শিরোপা জয়ের উৎসব করেছিল তারা। তারপর যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে, কিন্তু আরেকটি শিরোপার ক্ষুধা আর মেটেনি তাদের। সেই খরা কী দুর্দান্তভাবেই না কাটল তাদের; মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুলকে ওয়েম্বলির ফাইনালে ২-১ গোলে হারিয়ে।
ম্যাচ শেষে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস বলেছেন,‘‘আমরা ইতিহাস গড়ছি। (ভবিষ্যতে) যখন আমি এখান থেকে চলে যাব, আমি চাই সমর্থকরা আমার নাম ধরে গান গাইবে যেমনটা তারা করে (সাবেক নিউক্যাসল অধিনায়ক অ্যালান) শিয়েরারের জন্য। তিনি ম্যাচের আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন। আজ আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি।’
তিনি আরও বলেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। আমার জীবনের সেরা দিন। আর তাদের (সমর্থকদের) কাছে এটা তো বিশ্বকাপের মতো। মানুষ (যারা ছোট ছিল) বড় হয়ে গেছে, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন রূপে দেখেনি। এই ক্লাবে অধিনায়ক হিসেবে আমার প্রথম বছর এবং এটা আমার সেরা দিনগুলোর একটি। অবিশ্বাস্য।’