প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২১:১১ পিএম
ভারতের বাংলাদেশ সফর ছাড়াও চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে পারেন শান্তরা
ক্রিকেটে দারুণ সময় পার করছে ভারত। সবশেষ টানা তিনটি আইসিসি ইভেন্ট খেলেছেন রোহিত শর্মার দল। তার মধ্যে ঘরে তুলেছেন দুটি শিরোপা। নিজেদের আরও ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ক্রিকেট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি দেশ সফর করবে ম্যান ইন ব্লুজরা। তাদের সেই পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ। চলতি বছরে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত সিরিজের পাশাপাশি আগামী অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে পারেন নাজমুল হোসেন শান্তরা।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে,
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত
২৭টিটি ওয়ানডে খেলবে। যার ৯টি চলতি বছরে, বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালে। মূলত ২০২৭
ওয়ানডে বিশ্বকাপের আগপর্যন্ত নিজেদের এক দিনের ফরম্যাটে প্রস্তুত করতেই এমন পরিকল্পনা
তাদের। তবে বিসিসিআইয়ের সেই সূচিতেও পরিবর্তন আসতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের
আগস্টে বাংলাদেশে সফর করতে পারেন রোহিত-কোহলি-বুমরারা। যেখানে টাইগারদের সঙ্গে তাদের
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া ২০২৫ সালে
আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বরে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে।
ভারতের বাংলাদেশ সফর ছাড়াও
চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে পারেন শান্তরা। এর আগে একাধিকবার
চেষ্টা করেও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয়েছিল দুই দেশের বোর্ড। এবার আরও
একবার শুরু হয়েছে চেষ্টা। ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম
ক্রিকবাজ।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে
জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে এসিবির সাথে আলোচনা শুরু করেছি যে সিরিজটি আগে স্থগিত করা
হয়েছিল তা নিয়ে। আশা করছি, রমজান শেষে আরও আলোচনা হবে। আশা করছি, আমরা তিন ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারব, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে।’
এক এসিবি কর্মকর্তা ক্রিকবাজকে
জানিয়েছেন, ‘যদি আপনি এফটিপির দিকে তাকান তাহলে এখানে কিছু একটা (উইন্ডো) থাকতে হবে
সেখানে (২-১২ অক্টোবর) এবং আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে।’
বাংলাদেশকে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজে আতিথ্য দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের কথা চিন্তা করে দুই দেশের বোর্ড সিরিজ স্থগিত করে। পরে ভারতের নয়দাতে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টিতে সাদা বলের সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছিল এসিবি, কিন্তু ভারতের সেই অংশকে আন্তর্জাতিক সিরিজের জন্য উপযোগী মনে করেনি বিসিবি।