× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলে তিন সেঞ্চুরির দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:৩৮ পিএম

লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকের দিনে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ইয়াসির আলী রাব্বি; ছবি : আ. ই. আলীম

লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকের দিনে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ইয়াসির আলী রাব্বি; ছবি : আ. ই. আলীম

ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ইয়াসির আলী রাব্বি। তার অপরাজিত সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দেওয়া বিশাল লক্ষ্য পেরোতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের দুই টপ অর্ডার ব্যাটার মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমান। আর মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মাহফিজুল-মিজানুরের রেকর্ড জুটি

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৮ রান করেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে এই স্কোরটাকেও একদম সহজ বানিয়ে ফেলেছেন ব্রাদার্স ইউনিয়নের মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৫০ রান যোগ করেন তারা। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় উইকেটে এটিই প্রথম আড়াইশ রানের জুটি। দুজনই পান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তাতেই ৭ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় ব্রাদার্স। 

নিজের লিস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকানো মিজানুর ১০ চার ও ৫ ছক্কায় ১২৯ বলে ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে যান; ছবি : আ. ই. আলীম

রান তাড়ায় দ্বিতীয় ওভারের প্রথম বলে শূন্য রানে ফিরে যান ব্রাদার্সের ওপেনার ইমতিয়াজ হোসেন। এরপর ২৫০ রানের জুটি গড়েন মাহফিজুল ও মিজানুর। নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকানো মিজান নিজের আগের সর্বোচ্চ ১১৫ ছাড়িয়ে যান। অবশ্য ১০ চার ও ৫ ছক্কায় ১২৯ বলে ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে যান ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া মাহফিজুল ১২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ১১৩ রান করে আউট হন।

ম্যাচের প্রথম ভাগে ৫ রানের আক্ষেপে পোড়েন শাইনপুকুরের রহিম আহমেদ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানে আউট হন ২৩ বছর বয়সি ব্যাটসম্যান। ৯৬ বলের ইনিংসে ৫টি করে চার-ছক্কা মারেন তিনি। এ ছাড়া রায়ান রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০ রান করলে তিনশর কাছাকাছি যায় শাইনপুকুর। তবে সেটি যথেষ্ট হয়নি। ব্রাদার্সের পক্ষে ৫০ রানে ৫ উইকেট নেন আল আমিন হোসেন। প্রায় ১৪ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার সপ্তম ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর : ৫০ ওভারে ২৮৮/৯ (রহিম ৯৫, রাফসান ৪৭, অনিক ৪০; আল আমিন ৫/৫০, কাপালি ২/৪৮, রাকিবুল ১/৪২)
ব্রাদার্স ইউনিয়ন : ৪৮.৫ ওভারে ২৯২/৩ (মাহফিজুল ১১৪, মিজানুর ১৩৬, মাইশুকুর ১৭*; কিবরি ১/৩৯, রহিম ২/৪৩)
ফল : ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : মিজানুর রহমান

ইয়াসিরের সর্বোচ্চ রানের ইনিংস

বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ইয়াসির আলী। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকের দিনে ডানহাতি এই ব্যাটার ১২১ বলে সমান ৭টি করে চার-ছক্কায় খেলেন ১৪৩ রানের অপরাজিত ইনিংস। তার এমন দুর্দান্ত ইনিংসের সঙ্গে মঈন খানের ৬৩ বলে ৬২ ও জিয়াউর রহমানের ১৮ বলে ৪০ রানের ক্যামিওতে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

অল্পের জন্য হাতছাড়া করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটার আফিফ হোসেন ধ্রুব (৯৮) ও সাইফ হাসান (৯৫); ছবি : আ. ই. আলীম

বড় রান তাড়ায় নেমে ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর অবশ্য সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব মিলে দলের আশা বাঁচিয়ে রাখেন। চতুর্থ উইকেটে ১৭২ রানের জুটি গড়েন তারা। তবে সাইফ হাসান ১১২ বলে ৯৫ ও আফিফ হোসেন ৯৬ বলে ৯৮ রানে আউট হলে দলের বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। রেজাউর রহমানের ৩৯ বলে ৪৯ রান কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে রূপগঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর
ধানমন্ডি স্পোর্টস ক্লাব : ৫০ ওভারে ৩৩২/৭ (ইয়াসির ১৪৩*, মঈন ৬২, জিয়াউর ৪০; তানভীর ৩/৫০, সৌম্য ২/৬২, শেখ মাহেদি ১/৪২)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ৩০৮/৯ (আফিফ ৯৮, সাইফ ৯৫, রেজাউর ৪৯*; মইন খান ৩/৪০, মাসুম টুটুল ৩/৭২, কামরুল রাব্বী ২/৫২)
ফল : ধানমন্ডি স্পোর্টস ক্লাব ২৪ রানে জয়ী
ম্যাচসেরা : ইয়াসির আলী

গাজী গ্রুপের প্রথম জয়

আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ১০ উইকেটে হেরে যাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স দ্বিতীয় ম্যাচে এসে পেয়েছে প্রথম জয়। অগ্রণী ব্যাংককে ২১৬ রানে অলআউট করে তারা। এরপর দলটি জয় পেয়েছে ৪ উইকেটে। শুরুতে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর হাল ধরেন ইমরুল কায়েস ও অমিত হাসান। ৬১ বলে ৫০ রান করে ইমরুল ও ১১১ বলে ৮৯ রান করে অমিত ফিরে গেলে পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। গাজী গ্রুপের আবদুল গাফফার তিন এবং তোফায়েল আহমেদ ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

গাজী গ্রুপ ক্রিকেটার্স দ্বিতীয় ম্যাচে এসে পেয়েছে প্রথম জয়; ছবি : আ. ই. আলীম

রান তাড়ায় নেমে ৪ বলে শূন্য রান করে আউট হয়ে যান গাজী গ্রুপের ওপেনার এনামুল হক। টানা দ্বিতীয় ম্যাচে তার ডাক মেরে ফেরার পর দলকে টেনে নেন সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদ। ৬৪ বলে ৫২ রান করে রবিউল হকের বলে তোফায়েল ক্যাচ তুলে দিলে এই জুটি ভেঙে যায়। সাদিকুরও অবশ্য সেঞ্চুরি তুলতে পারেননি, রুয়েল মিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৯৬ বলে ৮৯ রান করেন তিনি। এরপর দলকে টানেন শামসুর রহমান, ৭৭ বলে ৩৮ রান করে আউট হন তিনি। ততক্ষণে অবশ্য গাজী গ্রুপের দরকার পড়ে কেবল ৮ রান।

সংক্ষিপ্ত স্কোর
অগ্রণী ব্যাংক : ৪৬.২ ওভারে ২১৬/১০ (অমিত ৮৯, ইমরুল ৫০, তাইবুর ২৭; আব্দুল গাফফার ৩/৩৫, তোফায়েল ২/২৪, মুকিদুল ২/৪৫)
গাজী গ্রুপ : ৪৭.৪ ওভারে ২২০/৬ (সাদিকুর ৮৯, তোফায়েল ৫২, শামসুর ৩৮; রবিউল ২/৩৩, রুয়েল ২/৬০, শুভাগত ১/১৭)
ফল : গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তোফায়েল আহমেদ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা