প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৫:৪৬ পিএম
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে আতিথেয়তা দেওয়ার আগে লিভারপুলকে বড় সতর্ক বার্তাই দিয়েছেন উসমান ডেম্বেলে। পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘লিভারপুলকে মোকাবিলায় কি করতে হবে সেটা আমরা জানি। দলের সবাই ম্যাচ জিততে চায়।’
ফেরা যাক বেনফিকা বনাম বার্সেলোনা ম্যাচে। গ্রুপ পর্বে এই দুলের লড়াই এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কোনো কারণ নেই। পর্তুগিজ ক্লাবটির ঘরের মাঠে ৯ গোলের সেই রোমাঞ্চকর রাত ফুটবলপ্রেমিরা মনে রাখবেন অনেকদিন। বার্সেলোনা সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতেছে, কিন্তু কাতালুনিয়ারাই বোধকরি জানে সেখানে জয় নিয়ে ফেরাটা কতটা চ্যালেঞ্জের।
এই দুই ম্যাচের বাইরে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ম্যাচ আছে আরও দুইটি। ছন্দে থাকা ফেইনুর্ডকে মোকাবিরা করবে ইন্টার মিলান। আর বায়ার্ন মিউনিখের ডেরায় ঢুকতে যাচ্ছে আরেক জার্মান জায়ান্ট বায়ার লেভারকুসেন।
জার্মান বুন্দেস লিগা এক প্রকার অলিখিত সম্পত্তি বানিয়ে ফেলা বায়ার্নকে হতাশা উপহার দিয়ে গেলবার লিগ শিরোপা জিতেছে জাবি আলোনসোর লেভারকুসেন। তা ছাড়া গেলবার অপরাজিত থাকার দারুণ এক রেকর্ডও গড়েছিল জার্মান ক্লাবটি। তাই এই ম্যাচকেও পিছিয়ে রাখার কোনো কারণ নেই।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বারুদে সূচির রাতটা ফুটবল প্রেমিদের জন্য বেশ উপভোগ্য হবে তা বলাই যায়। ফেইনুর্ড ইন্টার মিলানের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে। বাকি তিন ম্যাচ হবে রাত ২টায়।

মৌসুমে ইতিমধ্যে তিনবার মুখোমুখি হয়েছে বায়ার্ন-লেভারকুসেন। যার মধ্যে বু্ন্দেসলিগার দুই ম্যাচ থেকেছে অমীমাংসিত। বাকি ম্যাচটি ছিল জার্মান কাপে। সেখানে ১-০ গোলে হারিয়ে বাভারিয়ানদের বিদায় করে দিয়েছে জাবি আলোনসোর দল।
তবে এবারের লিগ শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে বায়ার্ন। পয়েন্টটেবিলের দুইয়ে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ভিনসেন্ট কোম্পানির দল।
আজকের ম্যাচে মাঠের নামার আগে গত শুক্রবার স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ প্রস্তুতি সেরেছে আলিয়াঞ্জ অ্যারেনার দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত বায়ার্ন। এর মধ্যে অবশ্য ঘরের মাঠে সেল্টিকের বিপক্ষে আছে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচ।
আবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ১১ ম্যাচের মধ্যে কেবল একবারই ঘরের মাঠে হারার রেকর্ড আছে বায়ার্নের। আর এই ১১ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ৪১ গোল! তাই বায়ার্নের বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষাই দিতে হবে অতিথিদের।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের দেশের ক্লাবের বিপক্ষে সর্বশেষ দ্বৈরথটা অবশ্য সুখকর বায়ার্নের জন্য। ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে জিতেছিল বাভারিয়ানরা। ওয়েম্বলির সেই ম্যাচে অন্তীম মুহূর্তে হলুদ শিবিরের জাল কাপিয়েছিলেন আলরিয়েন রোবেন।
ইউরোপের প্রতিযোগিতার নকআউটে লেভারকুসেনেরও আছে ঐতিহাসিক ও মধুর স্মৃতি। ১৯৮৮ ও ২০০৮ সালে উয়েফা কাপ থেকে স্বদেশী ক্লাব ওয়ার্ডার ব্রেমেন হামবুর্গকে বিদায় করে দিয়েছিল লেভারকুসেন। এ সব বিবেচনায় আলিয়াঞ্জ অ্যরেনায় এক ধ্রুপদি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা।
লীগ পর্বে নয় গোলের অসাধারণ জয়ের পর, বেনফিকা এবং বার্সেলোনা বুধবার রাতে এস্তাদিও দা লুজে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-এর প্রথম লেগে আবারও মুখোমুখি হবে। পর্তুগিজ জায়ান্টরা প্লে-অফে মোনাকোকে ৪-৩ গোলে হারিয়ে এই পর্বে উঠেছে।
যেখানে স্প্যানিশ জায়ান্টরা প্রথম পর্বে লিভারপুলের কাছে হেরেছিল। বেনফিকা ও বার্সেলোনার সর্বশেষ ৫বার সাক্ষাতে দুইবার জিতেছে স্প্যানিশ জায়ান্টরা, একবার বেনপফিকা। বাকি দুইবারের লড়াই থেকেছে অমীমাংসিত। আজ এগিয়ে যাবে কে?
এদিকে লিভারপুলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মাঠের বাইরে উত্তপ্ত বার্তা দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড ডেম্বেলে। এই সপাতাহেই লিলের বিপক্ষে ৪-১ গোলে জয় দিয়ে লিভারপুল ম্যাচের প্রস্তুতি সেড়েছে ফ্রান্স জায়ান্টরা।
তাছাড়া এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে পিএসজি এবং ডাচ জায়ান্ট ফেনুর্ডকেও ৬-১ গোলে হারিয়েছে উনাই এমিরির দল। দুর্দান্ত ছন্দে থাকা পিএসজি তাদের খেলা ২৪টি ম্যাচে অপরাজিত।
এই প্রতিযোগিতায় লীগ পর্বে ম্যানচেস্টার সিটিকে দুর্দান্তভাবে হারিয়েছে পিএসজি এবং প্লে-অফ ম্যাচে ব্রেস্টকে ১০-০ গোলে উড়িযে শেষ ১৬-তে এখন তারা আর্নে স্লটের লিভারপুলের মুখোমুখি। অল রেডরা প্রিমিয়ার লিগের দৃইয়ে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে এবং ইউরোপ সেরার প্রতিযোগিতার লীগ পর্বের টেবিলের শীর্ষে রয়েছে।
তবে লড়াইয়ে জয়লাভে ডেম্বেলে আত্মবিশ্বাসী, ‘আমরা আসন্ন ম্যাচ (লিভারপুল) এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। মৌসুমের শুরু থেকেই (লুইস এনরিক) আমাদের ভালো ফুটবল খেলতে বলে আসছেন। সবাই, মিডফিল্ডার হোক, ডিফেন্ডার হোক বা আক্রমণভাগের খেলোয়াড়; সবাই জিততে চায়।
‘আমরা খুব দারুণ ছন্দে আছি, যতদিন সম্ভব এটি ধরে রাখার চেষ্টা করব। আমরা দারুণ খেলছি! সবাই আক্রমণ করে, সবাই রক্ষণে নামে। আমরা ঐক্যবদ্ধ দল; যে কারণে আমরা মাঠে দারুণ করছি।’ যোগ করেন ডেম্বেলে।