× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিএলে জায়ান্টদের রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৪ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম

শিরোপার আরও কাছে লিভারপুল

শিরোপার আরও কাছে লিভারপুল

একই সময়ে ম্যাচ। দুই একটি হয়ত খানিক আগে-পরে। বলা যেতে পারে এক নিদ্রাহীন রাত পার করেছে ফুটবল ভক্তরা। নিজেদের ছড়িয়ে চূড়ার চড়ার মিশনে গতকাল বুধবার প্রিমিয়ার লিগে নিউক্যাসেল মুখোমুখি হয়েছিল টেবিল টপার লিভারপুলের। টটেনহ্যামের লড়াই ছিল ম্যানসিটির বিপক্ষে। ইপ্সউইচের নেমেছিল ম্যানইউর বিপক্ষে। আর রোমাঞ্চ উপহার দিয়েছিল টেবিলের দুই-তিনে থাকা নটিংহ্যাম-আর্সেনাল। 

প্রিমিয়ার লিগের এই রাতে অবশ্য কোন অঘটন ঘটেনি। রাতটা নিজেদের করে নিয়েছে জায়ান্টরা। নিউক্যাসেল থেকে তিন পয়েন্ট ভাগিয়ে ২০তম শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়েছে আর্নে স্লটের দল। সিটির জয়টি ছিল কষ্টার্জিত। তবে এই জয় টেবিলের চারে উঠতে সাহায্য করেছে তাদের। ধুন্ধুমার লড়াই হওয়া নটিংহ্যাম-আর্সেনাল ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। আর ইপ্সউইচের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে রুবেন আমোরিমের দল। 

এদিন হাতের তালুর মতো চেনা মাঠ অ্যানফিল্ডে দমিনিক সবোসলাই ও ম্যাক অ্যালিস্টারের দুই অর্ধে দুই গোল করে লিভারপুলকে জয় উপহার দেন। এতে অল রেডদের মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনাল আবারও পয়েন্ট হারানোয় ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে আর্নে স্লটের দল। 

ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন স্লট, ‘খেলোয়াড়েরা মাথা ঠান্ডা রেখে তাদের যা করার দরকার সেটি করেছে। আমাদের বিপক্ষে খেলা কতটা কঠিন কাজ সেটি আমরা যতটা সম্ভব প্রতিপক্ষকে বুঝিয়ে দিই। এরপর স্বাভাবিকভাবেই আমাদের মান পার্থক্য গড়ে দেয়।’

ঠিক আগের ম্যাচে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেও ২-০ গোলে হারায় লিভারপুল। স্লট মনে করেন ইতিহাদের সেই জয়টি মানসিকভাবে অনেকটাই এগিয়ে দিয়েছে তার দলকে, ‘ম্যান সিটিকে হারানোর পর সবাই খুব ইতিবাচক ও চনমনে হয়ে গেছে। সবার আত্মবিশ্বাস বেড়েছে। যারা কিছু অর্জন করতে চায় তারা পরের ম্যাচটিও জেতার উপায় পেয়ে যায়।’

আরেক হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুর দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চোট কাটিয়ে ফেরা আর্লিং হলান্ড। যদিও ম্যাচের শেষের দিকে তিনি আরও একটি গোল করেছিলেন। অবশ্য ভিএআর চেকের পর সেটি বাতিল করে দেন রেফারি। টটেনহ্যামের বিপক্ষে চলতি মৌসুমে আগেও দুবার দেখা হয়েছিল সিটির, এবং দুই ম্যাচেই হেরেছিল তারা। গত অক্টোবরে গার্দিওলার দলকে লিগ কাপ থেকে বিদায় করে দেয় টটেনহ্যাম, পরের মাসে তাদের বিপক্ষে ঘরের মাঠেই লিগে ৪-০ গোলের ভরাডুরি হয় শিরোপাধারীদের।

শিরোপা লড়াইয়ে এ দিন আরও পিছিয়ে পড়েছে আর্সেনাল। চার দিন আগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ধরাশায়ী দলটি এবার নটিংহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। পজেশন রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল পায়নি আর্সেনাল। গোলের জন্য ১৩টি শট নিয়ে কেবল একটিই লক্ষ্যে রাখতে পারে তারা!

নটিংহাম ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেছিলেন শিরোপা লড়াইয়ে থাকতে জান দিয়ে দেবেন। কিন্তু কোচের কথা যে অনুপ্রাণিত করেনি দলকে সেটির প্রমাণ তো ফলেই। ড্র করার পর আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাই শোনা গেল আরতেতার কাছ থেকে, ‘আজকে আমরা ২ পয়েন্ট খোয়ালাম। খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে।’

ওল্ড ট্র্যাফোর্ডে একই সময়ে শুরু ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কঠিন পরীক্ষা নিয়েছে অবনমন অঞ্চলের দল ইপ্সউইচ টাউন। তবে, দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও জমজমাট লড়াইটি ৩-২ গোলে জিতেছে আমোরির দল।

যথাযথ লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। ২৮ ম্যাচে মোহাম্মদ সালাহদের পয়েন্ট ৬৭। দ্বিতীয়তে থাকা আর্সেনালের একটি ম্যাচ কম খেলেছে।  আরতেতার দলের পয়েন্ট ৫৪ । চারে অবশ্য সিটিজেনরা। ২৭ ম্যাচে গার্দিওলাদের পয়েন্ট ৪৭। আর তিনে নটিংহ্যাম। ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা