মেয়েদের ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯ পিএম
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিধ্বংসী এক সেঞ্চুরির দেখা পেয়েছেন জেসিয়া আক্তার। আজ বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারতীয় এই ওপেনার ৯২ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চমৎকার ব্যাটিংয়ে তিন অঙ্কের জাদুকরী নম্বর স্পর্শ করেন শেলটেক ক্রিকেট একাডেমির ব্যাটার সুমাইয়া আক্তারও। ৯৬ বলে ১৩ চারে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। একই দলের টাইগ্রেস পেসার জান্নাতুল ফেরদৌস সুমনা দারুণ বোলিংয়ে শিকার করেছেন ৬ উইকেট।
বিকেএসপির
৩ নম্বর মাঠে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গুলশান
ইয়ুথ ক্লাব। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জান্নাতুল ফেরদৌস তিথির ৯৭ ও অধিনায়ক ফারজানা
হক পিংকির ৬৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান করে আবাহনী। লক্ষ্য
তাড়ায় ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুলশান। অলরাউন্ড নৈপুণ্যে
ম্যাচসেরা হন গুলশানের রিতু মনি। বল হাতে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬১ বলে ৬৪
রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
পাশের ১ নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২১৯ রানের জয় পেয়েছে শেলটেক। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ড ৩১২ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। সুমাইয়ার সেঞ্চুরি পেলেও মাত্র ৩ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন ওপেনার শারমিন সুলতানা। পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৩৬ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পুলিশ। দলের পক্ষে ওপেনার পিঙ্কি আক্তার ও অপর্ণা দে সর্বোচ্চ ১৯ রান করে করেন। বল হাতে ২৪ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হন পেসার জান্নাতুল ফেরদৌস সুমনা।

ইউল্যাব
মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে ১৮২ রানের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং
ক্লাব। টস জিতে আগে ব্যাট করতে নেমে জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে
৭ উইকেটে ৩৩৩ রান করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লক্ষ্য তাড়ায় উইকেটকিপার ব্যাটার ইসমত
আরার ফিফটির পরেও ৪৯.১ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ আনসার। বল হাতে অধিনায়ক
সালমা খাতুন ৪ ও রুমানা আহমেদ ৩ উইকেট শিকার করেন। তবে ম্যাচসেরা হন জেসিয়া।
বিকেএসপির
৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ১২৩ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান
(বিকেএসপি)। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইভার ৬৯ ও সাদিয়া আক্তারের অপরাজিত
৭১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬১ রান করে বিকেএসপি। জবাব দিতে
নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি কলাবাগান। ম্যাচসেরা হন সাদিয়া।