চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম
জাশপ্রিত বুমরাহকে দলে রাখতে শেষদিন পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত। তবে তারকা পেসারকে দর্শক হয়েই থাকতে হয়েছে। চোট তাকে ছিটকে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়া বুমরাহ অবশ্য আজ দুবাইয়ে এসেছিলেন। ভারত-পাকিস্তান মহারণের দিনে সতীর্থদের সঙ্গে খোশগল্পেও মাতেন।
আইসিসির সেরার পুরস্কার গ্রহণ করতেই মাঠে এসেছিলেন বুমরাহ। পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন তিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুইটি ট্রফি এবং দুইটি টুপি তুলে দেন বুমরাহের হাতে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মহারণ শুরুর ঘণ্টাখানেক আগে ক্যামেরায় দেখা যায় বুমরাহকে। সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের কুশল বিনিময় করেন।
বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। পরে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যদিও টুর্নামেন্টটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। শেষ মুহূর্তে তাকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে আসে ভারত।