প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪ পিএম
বিয়ে না ক্রিকেট— ডেভিড বেডিংহাম দারুণ কৌশলে নিয়েছেন সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা এবং সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটারের সপ্তাহটি ব্যস্ত সূচিতে ঠাসা। দুটি বড় ইভেন্ট ছিল এসএ-টোয়েন্টির ফাইনাল এবং তার বিয়ে নিয়ে! ফাইনালের জন্য বিয়ে পিছিয়েছেন ডেভিড। এর আগে ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম কেটে দিতে চেয়েছিলেন ভিন্ন কারণে।
দক্ষিণ আফ্রিকায় এসএ-টোয়েন্টি শেষের দিকে খবর আসে, ফাইনালে হয়তো খেলবেন না বেডিংহাম। টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ও বিয়ের দিন অনিচ্ছাকৃত পড়ে গেছে একই দিনে! তবে তিনি খেলাকে প্রাধান্য দিয়ে বিয়ে পিছিয়েছেন এক দিন!
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রতিবেদক ফিরদৌস মুন্ডা জানিয়েছেন, বেডিংহাম তার বাগদত্তা জেনা ভ্যান নিকার্কের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন চলতি সপ্তাহে। তবে সানরাইজার্সকে টানা তৃতীয়বারের মতো এসএ-টোয়েন্টির ফাইনালে উঠতে সহায়তা করায় বুঝতে পারেন, জটিল পরিস্থিতিতে পড়ে গেছেন। তাই তিনি এখন বিয়ের তারিখ এক দিন পিছিয়ে নিয়েছেন।
বেডিংহাম সুপারস্পোর্টকে বলেছেন, ফাইনালের পরই তাকে রবিবার বিয়ের স্থানে যাওয়ার জন্য উড়াল দিতে হবে। এই পরিকল্পনার পরও সানরাইজার্স টানা তৃতীয় শিরোপা জিততে ব্যর্থ হয়েছে।
ফাইনালে তাদের সহজেই হারিয়ে তৃতীয় আসরের শিরোপা ঘরে তুলেছে এমআই কেপ টাউন। তার সতীর্থ কাগিসো রাবাদার বলে বেডিংহাম দ্রুত আউট হয়ে যান। তার পর সানরাইজার্স ব্যাটাররা ব্যর্থ হন লক্ষ্য তাড়ায়।