বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৯ এএম
প্রায় ১২ বছরের বিরতির পর চলতি আসরে বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। ২০১৩ সালের আসরে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৪৩ রানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। আজ চ্যাম্পিয়ন হওয়ার শেষ ধাপে দলটির প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চিটাগংয়ের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই তাদের ৬ জন ব্যাটার ও ৫ জন বোলার নিয়ে খেলতে হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারেও খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচ জিতেছে চিটাগং। ফাইনালের জন্য ফরচুন বরিশাল যেখানে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে, সেখানে নতুন কোনো বিদেশি আনেনি চিটাগং। গ্রাহাম ক্লার্ক, খাজা নাফে, হোসাইন তালাত ও বিনুরা ফার্নান্দোর ওপর ভরসা রাখছে তারা।
চিটাগংয়ের প্রধান কোচ শন টেইট জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির ওপরের সারির ব্যাটারদের। গতকাল বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে শামীমের ব্যাটিংয়ের প্রশংসা করে অস্ট্রেলিয়ান এই কোচ বলেছেন, ‘আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।’
এবারের বিপিএলে দারুণ সময় কাটছে শামীমের। এরই মধ্যে ১৪ ইনিংসে প্রায় ত্রিশ গড়ে ৩৫০ রান করেছেন তিনি। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫ রান করে আউট হলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচেই বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে করেন ১২ বলে ৩০।
নিজেদের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে টেইট বলেছেন, ‘অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে ঝুঁকি নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক সময় এগুলো আপনার পক্ষে যাবে, অনেক সময় এগুলো বিপক্ষে যাবে। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি। টুর্নামেন্টের বেশিরভাগ অংশে আমাদের ব্যাটাররা দারুণ কাজ করেছে।’
খুলনার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করলেও পরে টানা চার জয়ে প্লে-অফের পথে এগিয়ে যায় দলটি। লিগ পর্বের শেষ তিন ম্যাচে রংপুর, সিলেট ও বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। সব মিলিয়ে প্রথম পর্বের ১২ ম্যাচে চিটাগংয়ের জয় ৮টি। রংপুরেরও ছিল সমান ৮ জয়। তবে শ্রেয়তর নেট রান রেটে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পায় চিটাগং। গত সোমবার ওই ম্যাচে বরিশালের কাছে ৯ উইকেটে হারলেও খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ফাইনালের টিকিট কাটে কিংস বাহিনী।
ফাইনালের আগে বরিশালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছেন চিটাগং কোচ। বরিশাল দলেও অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছেন। তাই ফাইনালের আগে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েছেন সাবেক এই অজি পেসার। তবে প্রতিপক্ষের ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না ফাইনালের আগে। টেইট বলেছেন, ‘অবশ্যই ভালো দল। তাদের দলে অবশ্যই ভালো কিছু মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই।'