বিপিএলের শিরোপা লড়াই আজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫২ এএম
ফাইনালের আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে ট্রফি নিয়ে ফটোসেশনে দুই দলের অধিনায়ক তামিম ইকবাল (ডানে) ও মোহাম্মদ মিঠুন ; ছবি: আ. ই. আলীম
নিয়মিত অংশ নিলেও বিপিএলে চট্টগ্রামের কোনো শিরোপা নেই। বন্দর নগরীর দলটি ফাইনাল খেলেছে একবারই। কিন্তু ২০১৩ সালে দ্বিতীয় আসরে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চিটাগং কিংসকে। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ট্রফি টানা দ্বিতীয়বারের মতো লঞ্চে উঠবে, না প্রথমবারের মতো বন্দর নগরীতে যাবে, সেই ফয়সালা আজ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে এই দুই দল।
এবারের আসরে শিরোপার মঞ্চে ওঠার পথে এই দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়েছে তিনবার। এর মধ্যে দুবার জিতেছে বরিশাল আর একবার জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং। সর্বশেষ দেখায় বরিশালের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বন্দর নগরীর দলটি। প্রথম কোয়ালিফায়ার পর্বে কিংসদের ৯ উইকেটের ব্যবধানে হারায় ফরচুনরা। এ ছাড়া ধারাবাহিকতার দিক থেকে চট্টগ্রামের চেয়েও শ্রেয়তর পারফরম্যান্স দেখিয়েছে তামিম ইকবালের বরিশাল। ১৪ ম্যাচ খেলে কিংসরা জিতেছে ৯টিতে। বিপরীতে ১৩ ম্যাচে অংশ নিয়ে বরিশালের জয় ১০ ম্যাচে। গ্রুপ পর্বে শীর্ষস্থান পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয় স্থান লাভ করে চিটাগং। আজকের ফাইনাল ম্যাচ সামনে রেখে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে বরিশাল। আর সেখানে খেলে যাওয়া দলটির ওপরই আস্থা রেখেছে চিটাগং।
গতকাল বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন চিটাগংয়ের অস্ট্রেলিয়ান কোচ শন টেইট। তার ভাষায়, ‘অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনাল খেলছি। টুর্নামেন্টের বেশিরভাগ অংশে আমাদের ব্যাটাররা দারুণ করেছে। শামীম পাটোয়ারীর কথাই ধরুন, সে ছয় নম্বর পজিশনে খেলেছে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমাদের ভালো বোলিং আক্রমণও ভালো।’
এদিকে বরিশালের লঞ্চে ট্রফি তুলতে চান বলে জানিয়েছেন দলটির অধিনায়ক তামিম। সংবাদ সম্মেলনে দেশসেরা এই ওপেনার বলেন, ‘যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে ট্রফির সঙ্গে লঞ্চে যাওয়ার।’ তামিম চট্টগ্রামের ছেলে। এই অবস্থায় চট্টগ্রামের সমর্থকরা কাকে বেছে নেবেÑ ব্যক্তি তামিম না তাদের দল চিটাগংকে? এই প্রশ্নের জবাবে বরিশাল অধিনায়ক বলেন, ‘সত্যি বলি, আমি মনে করি, চট্টগ্রামের মানুষদের তাদেরই কিংসকে সাপোর্ট করা উচিত। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।’
এদিকে জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া তামিমকে বিদায়ি সম্মাননা জানানোর বিশেষ আয়োজন রেখেছে বিসিবি। শিরোপার রঙে এই উপলক্ষ তামিম রাঙাতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।