× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

দুর্বার রাজশাহীর নেতৃত্বে বিজয়ের স্থলাভিষিক্ত তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম

দুর্বার রাজশাহীর নেতৃত্বে বিজয়ের স্থলাভিষিক্ত তাসকিন

বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতে এমন ঘটনা হরহামেশাই দেখা গেছে। এবারও একই পথে হাঁটল নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। আজ সোমবার এক সংবাদবিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে দুর্বার রাজশাহীর মিডিয়া বিভাগ। 

এবারের বিপিএলে ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে দুর্বার রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল। বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। 

এদিকে দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের একপর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে। তাসকিনকে অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক।’

এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলে সেরা পারফরমারদের তালিকায় আছেন। ৮ ইনিংসে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ ৩২৪ রান করা এনামুল এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে ১৮ উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেটশিকারি।

খুলনার বিপক্ষে গতকাল ৫৭ বলে ১০০ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে দলকে জেতাতে না পারায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আবেগতাড়িত হয়ে পড়েন এনামুল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়, ‘ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। যেটা তাকে দলের প্লে-অফে ওঠার বিষয়ে আরও বেশি মনোযোগী রাখবে বলে আমরা মনে করি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা