প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৫২ এএম
ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সমপর্যায়ের। তবে সময়, প্রেক্ষাপট ও সেরার প্রশ্নে প্রায়ই বিতর্কে জড়ান দুজনের সমর্থকরা। আর রেকর্ড ভাঙা-গড়ার উৎসবে মেতে দুই তারকাও নিজেদের অবস্থান জানান দেন। এবার এমন এক রেকর্ড গড়লেন পর্তুগাল ফরোয়ার্ড, যা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর।
বৃহস্পতিবার সৌদি প্রো লিগে ৩-১ গোলে আল নাসরের জয়ের রাতে গোলের দেখা পান রোনালদো। এ গোলে অনন্য এক রেকর্ড গড়েছেন সিআর সেভেন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বর্ষপঞ্জিতে গোল করলেন তিনি। ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে অভিষেক তার। ৪০তম জন্মদিনের কাছাকাছি থাকা রোনালদো এখনও গোলমুখের সামনে দুর্বার।
রোনালদোর অভিষেকের বছর দুয়েক পর বার্সেলোনার জার্সি গায়ে জড়ান মেসি। ২০০৫ সালের মে মাসে প্রথম গোলের দেখা পান। টানা বর্ষপঞ্জিতে গোলের রেকর্ডে রোনালদোকে ছুঁতে ২০২৮ সাল পর্যন্ত তাকে খেলতে হবে, যখন তার বয়স হবে ৪১ বছর।