প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৯ পিএম
সিডনি টেস্টে রোহিত শর্মার না খেলার পর থেকে চলছে জল্পনা। ভারতের হয়ে আর কখনও টেস্ট খেলবেন কি না, টেস্ট থেকে অবসর নিচ্ছেন কি না, ফের ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করবেন কি না, এমন বিস্তর প্রশ্ন সামনে উঠে আসে। শনিবার সেসব জল্পনার উত্তর রোহিত দিয়েছেন নিজেই।
দ্য হিটম্যান জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিতে যথেষ্ট পরিণত এবং খেলা ছেড়ে এত দ্রুতই পালিয়ে যাচ্ছেন না। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় রোহিত দিয়েছেন লম্বা সাক্ষাৎকার।
ভারতের ওপেনার জানান, দলের স্বার্থ চিন্তা করেই নিজেকে বিশ্রামে দিয়েছেন তিনি, ‘অবসর নিচ্ছি না। খেলা ছেড়ে পালিয়েও যাচ্ছি না। আজ ব্যাট চলছে না। কোনো নিশ্চয়তা নেই যে পাঁচ মাস পরেও ব্যাট চলবে না। দুই মাস পরে ব্যাট চলবে না। আমরা ক্রিকেটে দেখেছি প্রতি মিনিটে জীবন বদলে যায়। আমি এ ম্যাচের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’
বোর্ডার-গাভাস্কার ট্রফির এ ম্যাচটি রোহিতদের জন্য বাঁচা কি মরার। জিতলে সিরিজ বাঁচবে, বেঁচে থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা। হারলে সব হারাতে হবে। শেষ নয় ম্যাচে রান করতে ধুঁকতে থাকা রোহিত তাই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।
তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদেরও একহাত নিয়েছেন, ‘যারা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, তারা কী লিখলেন— তাতে আমাদের জীবন বদলে যাবে না। ওরা ঠিক করবেন না আমরা খেলব কি না, নেতৃত্বে থাকব কি না। আমি পরিণত। দুই ছেলের পিতা। তাই দলের স্বার্থে আমার যেটা সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। কেননা দিনের শেষে দলকে ম্যাচ জেতানোটাই আসল কথা। নিজের পারফরম্যান্স নয়।’
ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, রোহিত বিশ্রাম নেননি, তাকে বাদ রেখেছে গৌতম গম্ভীরের দল। কোনো কোনো মিডিয়া বলেছে, বিশ্রাম নিয়েছেন তবে ফিরছেন না আর। অধিনায়ক হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন, সেই উত্তরে রোহিত সবার আগে টেনেছেন দলকে।