সিডনি টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩৬ পিএম
ব্যাপারটা এমন, ছিলেন পার্শ্ব চরিত্রে, বনে গেলেন নায়ক। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার জাতীয় বীরে পরিণত হলেন স্কট বোলান্ড। দুই তারকা পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে পাশ কাটিয়ে ভারতকে একাই ধসিয়ে দিলেন তিনি। ৩৫ বর্ষী এই পেসার ফিরিয়েছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্ত ও নীতীশ রেড্ডির মতো বাঘা বাঘা ব্যাটারদের। তার জ্বলে ওঠার দিনে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮৫ রানে।
জবাবে অস্ট্রেলিয়া ৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। শেষ বিকেলের এই সময়েই অবশ্য উত্তাপ দেখা গেছে। স্যাম কনস্টাসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বুমরা। শেষ বলে উসমান খাজা স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেও বুমরা তাৎক্ষণিকভাবেই ঘুরে দাঁড়িয়ে নন স্ট্রাইকে থাকা কনস্টাসের দিকে অগ্নিমূর্তি উদ্যাপন করেন।
এর আগে বাঁচা-মরা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুমরা। রোহিত শর্মা একাদশের বাইরে। তার পরিবর্তে টস করতে আসেন বুমরা। সফরকারীদের হয়ে ওপেনিংয়ে আসেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। দলীয় ১১ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে, রাহুলের বিদায়ে। দলের খাতায় ৬ রান যোগ না হতেই ফিরেন আরেক ওপেনার জয়সোয়াল। ২৬ বলে ১০ রান করতে পারেন তরুণ এই ব্যাটার।
বিরাট কোহলি প্রথম বলেই আউট হচ্ছিলেন। বোলান্ডের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন। স্লিপে সেই বল ধরেন স্মিথ। তিনি নিশ্চিত ছিলেন ক্যাচ নেওয়ার ব্যাপারে। কিন্তু মাঠের আম্পায়ার প্রযুক্তির সাহায্য নেন। তিনি তৃতীয় আম্পায়ারের কাছে জানতেন চান আদৌ ঠিক মতো ক্যাচ নেওয়া হয়েছে কি না। সেখান দেখা যায় বল স্মিথ ধরলেও তা মাটিতে ঠেকে গিয়েছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।
মধ্যাহ্নভোজের আগে শেষ বল আউট হয়ে ফিরেন শুভমান গিল। বছরের শুরুটা রাঙাতে পারেননি কোহলিও। বছরের প্রথম ম্যাচে তিনি ৬৯ বলে ১৭ রান করেছেন। এরপর দলীয় ১২০ রানের মাথায় ফিরেন প্রন্ত-নীতীশ। সাত নম্বর ব্যাটার হিসেবে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। দলের ১৩৪ রানের মাথায় সাজঘর মুখো হয়েছেন তিনি। শেষ দিকে বুমরা একটু চেষ্টা করেছেন দলকে টেনে তুলতে। তাতে দলীয় রান হয় ১৮৫। অস্ট্রেলিয়ার হয়ে বোলান্ড ৪টি ও ৩টি উইকেট যায় স্টার্কের দখলে। পাশাপাশি কামিন্স সংগ্রহ করেন ২টি উইকেট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা স্কাই ব্লুজদের সিরিজের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এটাই রোহিত শর্মাদের শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দুটি ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে অজিদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানে থাকা ভারত ১৮টি টেস্টে জয় ৯টিতে এবং ড্র ২টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে রোহিতদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭, যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমেই কমছে এবং প্রথম দুই দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।