× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিডনি টেস্ট

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল মহারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল মহারণ

সুতোর ওপর ঝুলছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা স্কাই ব্লুজদের সিরিজের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এটাই রোহিত শর্মাদের শেষ টেস্ট। আগামীকাল সিডনিতে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘দ্বিতীয় ফাইনালিস্ট’ হওয়ার মহারণে নামবে ভারত।

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ টেস্টটা জিতলে সিরিজ জয়ের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলবে অজিরা। আর ভারত জয় পেলে সিরিজ ২-২ ড্র হবে। তারপরও রোহিতদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। এই সিরিজের পর শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ অস্ট্রেলিয়ার। সেই সিরিজ শ্রীলঙ্কা ২-০ জিতলে তবেই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

মেলবোর্নে ১৮৪ রানের জয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। চাপে থাকা ভারতের ড্রেসিংরুম নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, ম্যাচের পরিস্থিতি নিয়ে ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝেড়েছেন কোচ গৌতম গম্ভীর। এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে ব্যাটারদের বিদায়ের হুমকিও দেন তিনি। এ নিয়ে কিছুটা গুমট ভাব ভারত শিবিরে।

টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক এলেও ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন গম্ভীর। ড্রেসিংরুমে বিরোধের গুঞ্জন নিয়ে তিনি একবার বলেছেন, ‘এগুলো স্রেফ গুঞ্জন, সত্য না।’ এই কথার আগেই অবশ্য গম্ভীর বলেছেন, ‘খেলোয়াড়দের এবং কোচদের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত। কড়া কথাবার্তা হয়েছে।’ অর্থাৎ, গম্ভীরের পরের কথায় মনে হতে পারে, ড্রেসিংরুমের পরিবেশ একটু হলেও উত্তপ্ত হয়েছিল। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে গুঞ্জন বলেও দাবি করেছেন তিনি।

এগিয়ে থাকা স্বাগতিক দলের অধিনায়ক প্যাট কামিন্স কিছুটা নির্ভার। তিনি নিশ্চিত করেছেন সিডনি টেস্টে তার দলে একটি পরিবর্তন রয়েছে। যদিও পেসার মিচেল স্টার্কের খেলা নিয়েও শঙ্কা ছিল। পাঁজর ও পিঠে সমস্যা ছিল স্টার্কের। একাদশ জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘মিচি (মার্শ) তো প্রত্যাশামতো রান কিংবা উইকেট, কিছুই পেল না। আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সময় হয়েছে। বো (ওয়েবস্টার) দলে এসেছে, ওর সময়টা দারুণ যাচ্ছে। মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কী করতে পারে। তবে আমাদের মনে হয়েছে বোকে সুযোগ দেওয়ার এটাই সময়।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দুটি ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে অজিদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানে থাকা ভারত ১৮টি টেস্টে জয় ৯টিতে এবং ড্র ২টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে রোহিদদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭, যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমেই কমছে এবং প্রথম দুই দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা