প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১১:০৭ এএম
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়বেন– এমন একটা গুঞ্জন চাউর হয়েছিল ২০২৩ সালের মাঝামাঝি। কিন্তু সেটা সত্যি হয়নি। আফগানিস্তান সিরিজেও শান্তই ছিলেন টাইগারদের অধিনায়ক। তবে দৃশ্যপট বদলে যেতে খুব একটা সময়ও লাগেনি। নতুন বছরের শুরুতেই জানা গেল টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিচ্ছেন শান্ত। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তবে এ দফায় আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকেই সরে আসছেন শান্ত। টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ এক কর্তাকে উদ্ধৃত করে ক্রিকবাজ জানায়, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এ মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এ বিষয়ে আমাদের কথা হয়েছে।’
বর্তমানে শান্ত ব্যস্ত আছেন বিপিএল দল ফরচুন বরিশাল নিয়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে ৫০ ওভারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি।