ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪ পিএম
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। সংগৃহীত ছবি
ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে একের পর এক চমক দেখিয়ে চলেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। নিউইয়র্কে আরও দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন তিনি। সবমিলিয়ে ১৮০ জনের মধ্যে ১৩৯তম হয়েছেন বাংলাদেশের এই জাতীয় চ্যাম্পিয়ন। প্রতিযোগিতায় নীড়ের শুরুর র্যাঙ্কিং ছিল ১৭১; ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেছেন তিনি। জাতীয় মহিলা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১১০ জনের মধ্যে হয়েছেন ১০৫তম।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শুরুতে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর কীর্তি দেখিয়েছেন। এবার দশম রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই এবং ত্রয়োদশ রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার কোরালেস জিমিনেজ ফিদেলের বিপক্ষেও জয়ী হয়েছেন। তবে একাদশ রাউন্ডে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার ব্রোস্কাই সের্গেই এবং দ্বাদশ রাউন্ডে কসোভোর গ্র্যান্ড মাস্টার সারাসি ডেরিমের কাছে হেরে গেছেন নীড়।
মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম একাদশ রাউন্ডে মোনাকোর মহিলা ক্যান্ডিডেট মাস্টার বেরেজোভস্কি ফিওরিনাকে হারান। একাদশ রাউন্ডের খেলায় চীনের আন্তর্জাতিক মাস্টার লু মিয়ায়ির সঙ্গে ড্র করেন এবং কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার সেরিকবে আসিলের কাছে হেরে যান।
ওপেন বিভাগে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার মারজিন ভোলোদার ১৩ খেলায় ১০ পয়েন্ট পেয়ে এবং মহিলা বিভাগে ভারতের গ্র্যান্ডমাস্টার কোনিরু হাম্পি সাড়ে আট পয়ে পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।