× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

শন টেইটের নজর কেড়েছেন নাহিদ রানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৭ পিএম

নাহিদ রানা

নাহিদ রানা

শন টেইট বিপিএলের মাঠও মাতিয়েছেন। সেও অনেক দিন আগের কথা। ২০১৩ সালের আসরে চিটাগং কিংসের জার্সি গায়ে। মাঝে বিরতি দিয়ে সেই চিটাগং কিংস এবার বিপিএলে ফিরেছে। নিজের পুরনো দলের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে মর্যাদাকর আসরে প্রত্যাবর্তন হয়েছে টেইটেরও। কিন্তু ভিন্ন ভূমিকায়। এবার ক্রিকেটার হিসেবে নন, অস্ট্রেলিয়ার সাবেক এ ফাস্ট বোলার কাজ করছেন চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে।

এবারের বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগেই ঢাকায় পা রেখেছেন টেইট। গতকাল বুধবার ঢাকায় পৌঁছে আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে হাজির হয়ে পড়লেন। দল নিয়ে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। অনুশীলন শেষে গণমাধ্যমকে জানান, চিটাগং কিংসের কোচ হয়ে বাংলাদেশে ফিরে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন তিনি।

শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় নিজের গায়ের জার্সিটা দেখিয়ে পুরনো স্মৃতি আওড়ালেন টেইট। মুখে হাসির ঝিলিক নিয়ে বললেন, ‘যখন প্রথম কলটা পাই, নস্টালজিয়া তো কাজ করেছেই। ২০১৩–তেও এসেছি এখানে। কিছু স্মৃতি মনে পড়ে গেছে...জার্সির রংও একই আছে (হাসি)।’

টেইট নিজে ছিলেন একজন পেসার। বাংলাদেশে যখন ফিরলেন, তখন এ দেশেও পেসারে ভরপুর। একটা সময় ছিল ভালো মানের পেসারই খুঁজে পাওয়া যেত না। সেই সংকট কাটিয়ে ফেলেছে টাইগাররা। পেসারদের বিশ্রামে পাঠানোর মতো বিলাসিতা করতে পারছে এখন বিসিবির নির্বাচকরা। পেসারদের দীর্ঘ লিস্টে সর্বশেষ একটি নাম যুক্ত হয়েছে। তিনি আর কেউ নন- নাহিদ রানা। শুধু নিজের অবস্থান জানান দিয়েই বসে নেই, নাহিদ রানা নজরও কাড়ছেন সবার।

টেইটও জানিয়ে রাখলেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন নাহিদ রানায় দৃষ্টি পড়েছে তারও, ‘আমি তাকে পাকিস্তান সিরিজে টিভিতে দেখেছি। এর আগে খুব বেশি জানতাম না ওর সম্পর্কে। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি বলব, বাংলাদেশের ক্রিকেটে এটা রোমাঞ্চকর একটা বিষয়, বিশেষত পেস বোলিংয়ে। সব সময় তো এমন হয় না, তাই না?’

নাহিদের মতো ফাস্ট বোলারকে গড়ে তোলার ওপর জোর দিলেন টেইট, ‘পেস বোলিংয়ে এত গভীরতা থাকে না। নাহিদের মতো একজন, যে কি না ১৫০ কিমি গতিতে বল করতে পারে, এমন খুব কমই আছে। আমার মনে হয়, তার ভালোভাবে যত্ন নেওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্দান্ত একজনই হবে সে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা