ডিএমপির তিন নির্দেশনা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৮ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৪১ এএম
অনুষ্ঠানে গান গাইবেন রাহাত ফতেহ আলী খান
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টুর্নামেন্টকে আরও জাঁকজমকপূর্ণ করতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট, থিম সং, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান। মারকাটারি এই আসর সামনে রেখে আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মিউজিক ফেস্ট। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানি স্টার এই প্রোগ্রামে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বল বিভিন্ন সূত্রের খবর প্রকাশিত হয়েছে।
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবরসহ অনেকের পারফর্ম করার কথা রয়েছে। ২৫ ডিসেম্বর সিলেটে ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সংগীত উৎসব। এ দুই আয়োজনেও দেশের সেরা সংগীতশিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে। বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। তবে দর্শকদের তেমন সাড়া না থাকায় টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এদিকে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট উপলক্ষে আজ মিরপুরের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফেস্ট উপলক্ষে দুপুর আড়াইটায় খোলা হবে মিরপুর স্টেডিয়ামের গেট। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে তিন দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি। গতকাল রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাসমূহ
১. মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।
২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।
৩. আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বামে মোড় নিয়ে শ্যামলী শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।