× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানইউর দুঃস্বপ্নের রাতে লিভাপুলের জয়ের উচ্ছ্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:০০ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:২৫ এএম

মোহাম্মদ সালাহর গোল উদ্‌যাপন

মোহাম্মদ সালাহর গোল উদ্‌যাপন

এরিক টেন হাগ গেলেন। তার স্থলাভিষিক্ত হলেন রুবেন আমোরিম। কোচ পাল্টালেও দুঃসময়টা কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডকে। নতুন কোচ পারছেন না সাফল্য ছিনিয়ে নিতে। মাঝে বিরতি দিয়ে হারের ট্র্যাকেই যেন ঘুরপাক খাচ্ছেন রেড ডেভিলরা।

রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের দাপটের কাছে ওল্ড ট্রাফোর্ড শিবির তো রীতিমতো ধসেই গেল। নিজেদের মাঠে ইউনাইটেড আত্মসমর্পণ করেছে ৩-০ গোলে। রাতের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে চেলসি। দ্য ব্লুজ শিবিরকে আটকে দিয়েছে এভারটন। এভারটনের মাঠে শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি ব্লুজরা। ম্যাচ শেষে গোলশূন্য (০-০) ড্রয়ে সন্তুষ্ট থেকে দুই দল।

টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গোল-উৎসব মেতেছে লিভারপুল। ৯ গোলের থ্রিলারে স্বাগতিক টটেনহামকে ৬-৩ গোলে ধরাশায়ী করেছে কোচ আর্নে স্লটের লিভারপুল। দুই ম্যাচ পর জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গাটা আরও পোক্ত করল দ্য রেড শিবির। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্টের সংগ্রহ গড়ে ফেলেছে। পয়েন্ট টেবিলের রাজত্ব ধরে রেখেই বড়দিনের উৎসব করবে লিভারপুল।

ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানইউ। ঘরের মাঠে গোলমুখে শট নেওয়ায়ও প্রতিপক্ষ বোর্নমাউথের চেয়ে বেশি দাপট দেখিয়েছে ইউনাইটেড। ৬০ শতাংশ বল দখলে রেখে স্বাগতিকরা শট নিয়েছে সব মিলিয়ে ২৩টি। কিন্তু জয়ের জন্য গোলটাই শুধু করতে পারেনি!

বিপরীতে কম সুযোগ তৈরি করেও ঠিকই তাক লাগিয়ে দিয়েছে চলতি মৌসুমের চমক দেখিয়ে যাওয়া বোর্নমাউথ। প্রথমার্ধে দলকে লিড এনে দেন দেজান হুইসেন। আর বিরতির পর জয়ের ব্যবধান বাড়িয়ে নেন জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনয়ু। এর আগের ডিসেম্বরেও লিগ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে এসে একই ব্যবধানে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবকে ধরাশায়ী করেছিল বোর্নমাউথ।

এ হারে ১৭ ম্যাচ শেষে ছয় জয় চার ড্র ও সাত হারে ২২ পয়েন্টের পুঁজি নিয়ে ইউনাইটেড পড়ে রয়েছে ১৩ নম্বরে। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ উঠে গেছে ৫-এ। এ ম্যাচের পর ২৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবনমন হয়েছে ম্যানচেস্টার সিটির। আর পয়েন্ট ভাগাভাগি করেও ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ২-এ রয়েছে চেলসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা