প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪:১৫ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৩ এএম
গুকেশ ডোমরাজু
দাবার বিশ্ব শিরোপা জিতেছেন গুকেশ ডোমরাজু। চীনের ডিং লিরেনকে ধরাশায়ী করে সেরা হয়েছেন ভারতীয় এ দাবাড়ু। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের এ ছেলে। ১৮ বছর বয়সী গুকেশ জেতেন ৭.৫-৬.৫ স্কোর ব্যবধানে। ১৯৮৫ সালের ৯ নভেম্বর কাসপারভ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে তিনিই এখন বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন।
বৃহস্পতিবার আসরের ১৪তম ম্যাচে হলো শিরোপার ফয়সালা। ১৩ ম্যাচ শেষে গুকেশ ও লিরেন দুজনেরই সংগ্রহ ছিল সমান পয়েন্ট। খেলা শুরুর আগেই জানা যায়, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সেই হবে চ্যাম্পিয়ন। গুকেশ জিতে নেন এক পয়েন্ট। সুবাদে পুঁজি ৭.৫ পয়েন্ট হতেই গুকেশ বনে যান বিশ্বসেরা। ফলে শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য আর টাইব্রেকারের দরকার হয়নি।
ভারতীয় দাবাড়ুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে গেছেন। ফিডের কাছে এ নিয়ে তদন্ত শুরু করার অনুরোধ করেছেন তিনি।
ফিলাতভের অভিযোগ, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডের তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চীনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।’