প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩ পিএম
গেল কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্য এসেছে নারী দলের হাত ধরে। ২০২২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও সাফের শিরোপা ধরে রেখেছেন বাঘিনীরা। টানা দ্বিতীয় সাফজয়ী দলটি তারই পুরস্কার পেল ফিফা র্যাঙ্কিংয়ে। যেখানে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল উঠে এসেছে ১৩২ নম্বরে। আজ শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
ফিফা এবার মেয়েদের র্যাঙ্কিং প্রকাশ করল চার মাস পর। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে নারী দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলেছে। যার পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে দলগুলোর অবস্থান। পুরো বছরই মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এবারও সেই অবস্থান ধরে রেখেছে তারা। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড নেমে গেছে চারে। প্রথমবারের মতো ফিফা নারী দলের র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে জিব্রাল্টার (১৮৫তম)।

শীর্ষ দশের ভেতর থাকা বাকি দলগুলো ৫ নম্বর থেকে যথাক্রমে সুইডেন, কানাডা, ব্রাজিল (এক ধাপ উন্নতি), জাপান (এক ধাপ অবনতি), উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস (এক ধাপ উন্নতি)। এক ধাপ পিছিয়ে এই প্রথম র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে (১১) চলে গেল ফ্রান্সের মেয়েরা। মেয়েদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৮ ধাপ করে উন্নতি হয়েছে সৌদি আরব (১৬৬) ও এস্তোনিয়ার (৯৯)। সর্বোচ্চ অবনতি ঘটেছে লাওসের (১৬ ধাপ)।