প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ মেয়েরা। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের বড় লক্ষ্য তাড়ায় আশা জাগিয়েও ১২ রানে হেরেছিল নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছিল আয়ারল্যান্ডের মেয়েরা৷ জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ৮৭ রানে গুঁটিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লের ছয় ওভারে ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। এরপর স্বর্না আক্তার ও শারমিন সুপ্তা দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে দুজনে ৪৮ রানের জুটি গড়ে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন।
তবে ১৩তম ওভারে স্বর্নার বিদায়ের পর আর কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে ১৭ বল আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন সুপ্তা। স্বর্না ২০ ও দিলারা আক্তারের ১০ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে বোলিংয়ে ওরলা প্রেডেনগ্রাস্ট একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট পান আর্লিন কেলি ও লরা ডেলানি।
এর আগে আইরিশদের ইনিংসের শুরুটা একেবারেই খারাপ ছিল না। পাওয়ার প্লেতে ওভারপ্রতি ৬ রান করেই স্কোরবোর্ডে জমা করছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। গ্যাবি অবশ্য খানিক ধীরগতিরই ছিলেন। ১৪ রান করতে গিয়ে খেলেছিলেন ১৮ বল। ষষ্ঠ ওভারে কিছুটা গতি বাড়াতে গিয়েই নাহিদা আক্তারের বলে দিয়েছেন ক্যাচ। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সের কারণেই সাজঘরে ফিরতে হয় আইরিশ অধিনায়ককে।
নবম ওভারে আরেক ওপেনার অ্যামি হান্টারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ২৩ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি। তবে ওরলা প্রেডেনগ্রাস্টই ছিলেন আজকের বড় স্কোরার। ২৫ বলে ৩২ রানের কার্যকরী একটা ইনিংস আসে ওয়ানডাউনে নামা এই ব্যাটারের কাছ থেকে। প্রেডেনগ্রাস্ট ফিরিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন নাহিদা।
এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল। শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড। নাহিদার দুই উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন।