প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০০ পিএম
জো বার্নস
ইতালি ক্রিকেট দলে যোগ দিয়েছিলেন গত বছর। বছর না ঘুরতেই সুখবর পেলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার জো বার্নস। তাকে ইতালি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্ট খেলা বার্নসের জন্ম অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তবে জন্মসূত্রে তার মা ইতালির নাগরিক। সে সূত্রে চলতি বছরের জুনে ইতালি জাতীয় দলে অভিষেক হয় বার্নসের। আর শেষ পর্যন্ত দলটির নেতৃত্বভার উঠলো তার কাঁধে।
দায়িত্বপ্রাপ্তিকে বিশেষ সম্মানের মনে করছেন বার্নস। তার মতে, ইতালির হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়াটা গর্বের। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি আমার রুটে ফিরে এসেছি। ইতালি ক্রিকেট দল সম্ভবনাময়। আমি এই দলের উন্নতিতে অংশীদার হতে পেরে অভিভূত। পাশাপাশি আমি এবং আমার সতীর্থদের চেষ্টা থাকবে লক্ষ্যে পৌঁছানোর এবং দেশটির ক্রিকেট অনুরাগীদের খুশি করা।’
ইতালি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফাবিও মারাবিনি বেশ খুশি বার্নসের দায়িত্বগ্রহণে। তিনি জানিয়েছে, প্রথম দিনেই বার্নসের মাঝে উদারতা ও প্রফেশনালিজম দেখেছেন তিনি। তার সেই গুণগুলো দলের মাঝে ছড়িয়ে দিতেই বার্নসকে নেতৃত্বে আনা হয়েছে। ফাবিও বলেছেন, ‘আমি আশা করবো তার নেতৃত্বের প্রতিফলন দলের ওপর পড়বে এবং ইতালিয়ান ক্রিকেট অন্য উচ্চতায় উঠে আসবে। আমরা তার নেতৃত্বে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে চাই।’
বার্নস এখন পর্যন্ত ইতালির হয়ে টি-টোয়েন্টিতে ২১১ রান করেছেন। তার গড় ৭০.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪৪.৫২। সম্প্রতি রোমানিয়ার বিপক্ষে কুড়ি কুড়ির ক্রিকেটে ৫৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বার্নস। তিনি আসন্ন ইউএই লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়া বিগব্যাশ লিগে খেলছেন।