প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৯ পিএম
আইরিশদের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন জ্যোতি-নাহিদা
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদা আক্তার। টাইগ্রেস স্পিনার তিন ম্যাচে শিকার করেন ৬ উইকেট। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে পা দিয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৬১১ রেটিং নিয়ে র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠেছেন নাহিদা।
গতকাল মঙ্গলবার প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে নাহিদা ছাড়াও উন্নতি হয়েছে একঝাঁক টাইগ্রেস তারকার। ব্যাট হাতে অবদান রেখে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ফারজানা হক ও নিগার সুলতানা জ্যোতির। সিরিজের সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়েছেন সুলতানা খাতুন। উন্নতি হয়েছে রাবেয়া আক্তারেরও।
ছয় ধাপ এগিয়ে তার অবস্থান ৪০ নম্বরে। এছাড়া ১০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে এবং ১৩ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উঠে এসেছেন যথাক্রমে ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
আয়ারল্যান্ড সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা হক। তিন ম্যাচেই ফিফটি করা এই ব্যাটার ৬ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি।