প্রধান উপদেষ্টার অভিনন্দন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩০ পিএম
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম
ছিল শিরোপার হাতছানি। কিন্তু ফাইনালে গিয়ে শেষে পুড়ল কপাল। দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ১০ উইকেটে লাল-সবুজের প্রতিনিধিদের উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের তাণ্ডবে পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে।
বাংলাদেশের জার্সি গা ব্যাক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। তার সঙ্গে সালমান ৩১ ও আশিকুর ২২ রান যোগ করেন দলীয় স্কোরে। ২ উইকেট শিকার করে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী। তার সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ পান ১টি করে উইকেট। তাতে বাংলাদেশ অল্পতেই গুটিয়ে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থেকে যান।
এ নিয়ে টানা দুবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হলো বাংলাদেশ। ২০২২ সালে আগের আসরের ফাইনালে বাংলাদেশ শিরোপা খুইয়েছিল ভারতের কাছে। পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে উঠে অবশেষে কাটাল শিরোপা খরা।
একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৫ ম্যাচ জিতে শেষ চারে নাম লেখে বাংলাদেশ। গত রবিবার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে ধরাশায়ী করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু দেশের ছেলেরা হার মানল কিনা শেষে ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এসে।
ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সফল ভারত। ২০১২, ২০১৭, ২০২২-টুর্নামেন্টের প্রথম তিন আসরে শিরোপা জিতে হ্যাটট্রিক করেছে তারা। প্রতিবারের মতো এবারও ভারত ট্রফি জয়ের দৌড়ে হট ফেবারিট। কিন্তু এবারের আসর পাকিস্তানে বসায় টুর্নামেন্ট শুরুর চার দিন আগে নিজেদের নিজেদের নাম প্রত্যাহার করে ভারত।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম রানার্সআপ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৩৯/৭, ২০ ওভার।
পাকিস্তান: ১৪০/০, ১১.২ ওভার।
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।