প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১২:২৮ পিএম
ম্যাচ প্রায় শেষের দিকে, চলছিল যোগ করা সময়ের খেলা। মিনিট পাঁচেক পরই বাজত শেষের বাঁশি। কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। স্টেডিয়ামে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। এতে রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করল উয়েফা।

গত শুক্রবার বুখারেস্টে নেশনস লিগের ‘সি’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কসোভো ও রোমানিয়া। গোলশূন্য ড্রর পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে কসোভো মাঠ ছাড়ায় অবশেষে চার দিন পর বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থি স্লোগান দেন বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

এ ছাড়া দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।