প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম
মেসি-রোনালদোকে মুখোমুখি দেখা যেতে পারে ভিডিওতেও, এডিটেড এই ছবিটি সংগৃহীত
মাঠের ফুটবলে যেমন দাপিয়ে বেড়াচ্ছেন, ইউটিউবিংয়েও অমন দাপুটে ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের জীবনি দিয়ে মাতিয়ে দিচ্ছেন ইউআর ক্রিশ্চিয়ানো নামের ইউটিউব চ্যানেল। মাত্র এক সপ্তাহেই সেখানে সাবস্ক্রাইবার ৫০ মিলিয়ন ছাড়িয়েছিল। হুঁ হুঁ করে বেড়েও চলছে। দর্শক-ভক্তদের কথা মাথায় রেখে সিআরসেভেন নতুনত্ব আনছেন কন্টেন্টে। কদিন আগে তার শো’তে হাজির হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। তিনিই মূলত ফাঁস করেছেন বড় তথ্য।
কি সেই বড় তথ্য? রোনালদোর মতে, ইন্টারনেট ভেঙে দেওয়ার মতো কিছু আসছে তার চ্যানেলে। শো শেষে রিও যখন চলে যাচ্ছিলেন তখন রোনালদোর সঙ্গে কিছু কথোপকথন হয়। সেখানেই জানা যায়, ইউআর রোনালদো’তে এমন কেউ আসছেন যিনি রোনালদোর থেকেও বড় তারকা। নিজের চ্যানেলে পোস্ট করা ২.৩ মিনিটের একটি ভিডিও দর্শকদের মাঝে বাড়িয়েছে কৌতুহল। নেটিজেনদের ধারণা, রোনালদোর শো’তে আসছেন লিওনেল মেসি। তবে রোনালদো খোলাশা করেননি কিছু।
সাদা-কালো কালারে শ্যুট করা ভিডিওটি রোনালদো তার চ্যানেলে ছেড়েছেন। রিও-রোনালদোর কথা শোনা না গেলেও সাবটাইটেলে লেখা হচ্ছিল সব। সেখানে একসময়ের সতীর্থ রিওকে রোনালদো বলছিলেন, ‘কিছু ভুলে গেলে নাকি?’ ফার্দিনান্দের জবাব, ‘তোমার পরের অতিথি কে, সেটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি।’ ওই অথিতির নাম রোনালদো জানিয়েছেন। তবে রিওকে আগেই প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, যেন সে কাউকে তার নাম না বলেন।
রোনালদো জানান, নুন শো তারা রেকর্ড করছেন। ফার্দিনান্দ জানতে চান, ‘এখানে কি সে আছে?’ হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দেন রোনালদো। এরপর অতিথির নাম জানতে চাওয়া হলে রোনালদোর জবাব ‘আমরা ইন্টারনেট ভেঙে দিতে যাচ্ছি।’ স্বাভাবিকভাবেই কথা উঠেছে, তাহলে কি মেসি আসতে চলেছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে? কমেন্টের ঘরে অনেকে সেটি জানতে চেয়ে পাল্টা প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন। দুই মহা তারকাকে এক সঙ্গে দেখা গেলে সেটি সত্যি সত্যিই ঝড় তুলবে ইন্টারনেটে।